জার্মানিতে আস্থা নেই রুমেনিগের
লাতিন আমেরিকায় অনুষ্ঠিত কোনো বিশ্বকাপেই এখনো পর্যন্ত শিরোপার দেখা পায়নি ইউরোপের দেশগুলো। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপটা খুব করেই নিজের দেশে নিয়ে আসতে চাইছেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম। তবে সে কাজটা করা সহজ নয় বলেই মনে করেন সাবেক জার্মান ফুটবলার কার্ল-হেইঞ্জ রুমেনিগে। আগামী বিশ্বকাপটি ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মতো কোনো লাতিন দেশের ঘরেই যাবে বলে মত এই জার্মান ফুটবলব্যক্তিত্বের।একসময় জার্মানির হয়ে মাঠ কাঁপিয়েছেন। অধিনায়কত্বের আর্মব্যান্ডও হাতে পরেছেন বহুবার। ১৯৮২ ও ১৯৮৬ সালের বিশ্বকাপে রুমেনিগে জার্মানিকে তুলে এনেছিলেন বিশ্বকাপ জয়ের দোরগোড়ায়। সেই রুমেনিগে এখন বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী। বর্তমানের ফুটবল খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই বলেছেন, ‘ব্রাজিলে জার্মানির কোনো সম্ভাবনা নেই।’ফিলিপ লামের হাহাকারটা বোঝা যায়। ২০০২ সালের বিশ্বকাপে একঝাঁক তরুণের সমন্বয়ে গড়া জার্মান দল সবাইকে টেক্কা দিয়ে উঠে গিয়েছিল ফাইনালে। ফাইনালে মুহূর্তের ভুলে ব্রাজিলের কাছে তারা হেরে যায় ২-০ গোলে। ফিলিপ লাম ছিলেন সেই দলে। লাম ছিলেন সর্বশেষ দুটি বিশ্বকাপেও। ২০০৬ সালে যখন নিজের মাটিতে সেমিফাইনালে ইতালির কাছে জার্মানি হেরে গেল সেই ২-০-তে, তখনই বুকে পাথর চাপা দিয়েছিলেন এই কুশলী জার্মান। ২০১০ সালের সেমিফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারটা যেন নিরন্তর তাড়িয়ে বেড়ায় তাঁকে। আগামী বিশ্বকাপে আর আক্ষেপকে সঙ্গী করতে চান না ফিলিপ লাম। তবে ফিলিপ লামের এই আশাবাদ রীতিমতো উড়িয়েই দিয়েছেন রুমেনিগে। সম্প্রতি ‘স্পোর্টস প্লাস’কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ফিলিপ লাম যা-ই বলুক, আগামী বিশ্বকাপে জার্মানির কোনো সম্ভাবনাই নেই।’ তিনি বলেন, ‘অনেকের চোখে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ফেবারিট হলেও আমার মতে, আগামী বিশ্বকাপ জিতবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। দুটি দলই দীর্ঘদিন বিশ্বকাপ সাফল্যবঞ্চিত। তা ছাড়া লাতিন আমেরিকায় অনুষ্ঠিত কোনো বিশ্বকাপেই ইউরোপের কোনো দেশ শিরোপা জিততে পারেনি—এই রেকর্ড ভুলে গেলে চলবে না।’ গোল ডটকম।