জার্মানিতে মরিনহো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লিগ শিরোপা জিতিয়েছিলেন হোসে মরিনহো। এবার তাঁর সামনে এসেছে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ। দাপুটে পারফরম্যান্স দেখিয়েই সেমিফাইনাল পর্যন্ত এসেছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবটি। এত কাছে এসে কোনোমতেই শিরোপা জয়ের সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না মরিনহো। তাই সেমিফাইনালের প্রতিপক্ষ বুরুশিয়া ডর্টমুন্ডের শক্তিমত্তা যাচাই করতে আকস্মিকভাবে জার্মানিতেই পাড়ি জমিয়েছিলেন স্পেশাল ওয়ান। গতকাল জার্মান লিগে ডর্টমুন্ডের খেলায় দর্শকসারিতে দেখা গেছে এই পর্তুগিজ কোচকে। ম্যাচটিতে নিচের সারির ক্লাব ফুয়ার্থের বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে ডর্টমুন্ড।বুরুশিয়া ডর্টমুন্ডের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর নিশ্চয়ই শিষ্যদের আরও ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করবেন হোসে মরিনহো। এর আগে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগের খেলায় ড্র করেছিল ২-২ গোলে। তাই এবার সেমিফাইনালে চূড়ান্ত সতর্ক অবস্থায় থাকছেন মরিনহো। তবে প্রতিপক্ষের খেলার ধরন পর্যবেক্ষণ করে মরিনহো খুব বেশি সুবিধা করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লোপ। তিনি বলেছেন, ‘মরিনহো কিছু পর্যবেক্ষণ নিয়েই দেশে ফিরবেন। কিন্তু সেগুলো তিনি মাঠের খেলায় কাজে লাগাতে সক্ষম হবেন না।’অন্যদিকে এ সময়ের অন্যতম সেরা এই কোচের জার্মানি ভ্রমণটাকে ডর্টমুন্ডের জন্য সম্মানের বিষয় বলে মন্তব্য করেছেন ক্লাবটির সিইও হ্যানস-জোয়াকিম ওয়াজকি। তাঁর ভাষায়, ‘এটা নিশ্চিতভাবেই আমাদের জন্য সম্মানের বিষয়। আমরা এটা উপভোগ করছি।’২৪ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগের খেলায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বুরুশিয়া ডর্টমুন্ড। ৩০ এপ্রিল দ্বিতীয় লেগের খেলাটি অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদে। টাইমস অব ইন্ডিয়া।