‘এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,শুধু সুখ চলে যায়। এমনি মায়ার ছলনা।’(‘মায়ার খেলা’র সমাপ্তি-সংগীত)ভাবতে অবাক লাগে, মানবজীবনচক্রে রবীন্দ্রনাথ যে কোথায় প্রাসঙ্গিক নন! বিশ্বকাপ থেকে ব্রাজিল ও আর্জেন্টিনার বিদায়ের পর এই দুই ফুটবল দলের অগণিত বাংলাদেশি ভক্তকুলের মধ্যে যে তীব্র শোকের ছায়া নেমে এসেছে—রবীন্দ্রনাথের ‘মায়ার খেলা’ গীতিনাট্যের অন্তর্গত এই গান তাদের আত্মসন্ধান ও আত্মবিশ্লেষণে সহায়ক হবে বলে মনে করি। এই রবীন্দ্রসংগীতটি যে কবি-রচিত ‘মায়ার খেলা’ গীতিনাট্যের অন্তর্গত, এই তথ্যটি জেনে এই গানটিকে আমার আরও প্রাসঙ্গিক বলে মনে হলো। মায়াপাশে জড়ানো এই বিশ্বসংসারে খেলার তো শেষ নেই। কত রকমের, কত সকমের খেলাই না চলছে আমাদের এই জীবন ঘিরে। খেলা খেলা সারা বেলা। ‘খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে’। গত লেখায় নজরুলের এই গানটির কথা বলেছিলাম। গানটির কথা আবারও বলার লোভ সংবরণ করতে পারলাম না। বিশ্বকাপ ফুটবলও তো গূঢ় অর্থে এক ধরনের মায়ার খেলাই বটে। সেই মায়ার খেলায় কখন যে কার জিত হবে, আর কখন যে কার হার হবে—তা কে জানে? আর্জেন্টিনা দ্বিতীয় গোল খাওয়ার পর ‘আল্লাহ!’ বলে স্ট্রোক করেন ঢাকার মিজানুর রহমান। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।অন্যদিকে, নেত্রকোনার বারহাট্টা এলাকার পরিবহনশ্রমিক পলাশ মিয়া ব্রাজিলের পরাজয় সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এসব করুণ ঘটনার কী ব্যাখ্যা হতে পারে? কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা আর কোথায় বাংলাদেশ! হা ঈশ্বর, তুমি বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনার আবেগভঙ্গুর ভক্তদের রক্ষা করো। বিশ্বকাপ থেকে ব্রাজিল ও আর্জেন্টিনার চলে যাওয়ার সঙ্গে তাল মিলিয়ে তাদের বঙ্গদেশীয় ভক্তকুলের জীবন থেকে হারিয়ে যাওয়া সুখ ও আনন্দ তুমি ফিরিয়ে দাও, প্রভু। ৬ জুলাই, প্রথম আলোয় প্রকাশিত আমার ‘ব্রাজিল-আর্জেন্টিনা নেই তো কী!’ কলামটি পাঠের পর দেশের এক বিশিষ্টজন পত্রিকা অফিস থেকে নম্বর সংগ্রহ করে আমাকে ফোন করে জানালেন, ব্রাজিলের পরাজয়ের পর বিশ্বকাপের পরবর্তী খেলাগুলো তিনি আর দেখবেন না বলেই স্থির করেছিলেন। কিন্তু আমার লেখাটি পাঠ করার পর তিনি তাঁর সিদ্ধান্ত বদলেছেন। স্থির করেছেন, তিনি বিশ্বকাপের পরবর্তী খেলাগুলোও দেখবেন। শুনে আমার খুব ভালো লাগল। মনে হলো, আমার লেখায় কাজ হচ্ছে। আমাকে দিয়ে বিশ্বকাপ ফুটবলের ওপর কলাম লিখিয়ে ‘প্রথম আলো’ কর্তৃপক্ষ ভুল করেনি। সংখ্যায় বেশি না হলেও, অন্তত কিছু মানুষের আবেগবিক্ষত চিত্তকে আমি সুস্থ জীবন-দর্শনের জন্য আখেরে অনতিক্রম্য যুক্তির পথে টানতে পারছি। যুক্তিহীন আবেগ যে মানুষের মুক্তির পথ নয়—এই সত্য যদি আমরা উপলব্ধি করতে পারি, তবে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আমাদের মধ্যে সৃষ্ট আবেগ থেকে আমরা একদিন বিদ্যুৎ তৈরি করতে পারব।ক্রিকেট সম্পর্কে বলা হয়, ‘ক্রিকেট ইজ দি গেইম অব আনসারটেইনটি’। প্রবল অনিশ্চয়তার খেলা হচ্ছে ক্রিকেট। কথাটা ফুটবল সম্পর্কেও কম সত্য নয়। ঘানার আসামোয়া জিয়ান যদি দলের অন্তিম মুহূর্তের কষ্টার্জিত পেনাল্টি শটটি উরুগুয়ের জালে ঢুকাতে পারত, তাহলে প্রথম সেমিতে নেদারল্যান্ডের সঙ্গে উরুগুয়ে নয়, ঘানাই খেলত। এবারের বিশ্বকাপে সৃষ্টি হতে পারত এক নতুন ইতিহাস। পূর্ববর্তী দুটো খেলায় নিখুঁত পেনাল্টি শটে প্রতিপক্ষের গোলরক্ষককে বিপুল ব্যবধানে পরাভূত করে জিয়ান আমাদের দৃষ্টি কেড়েছিলেন। কিন্তু তিনিই তরী ডোবালেন তীরে এসে। এই দুঃখ জিয়ান শুধু নন, আমিও বাকি জীবন বয়ে বেড়াব।কলামে লিখিনি যদিও, তবে দুটো টিভি চ্যানেলে (বৈশাখী এবং চ্যানেল আই) প্রথম সেমিতে উরুগুয়ের বিরুদ্ধে নেদারল্যান্ড জিতবে বলেছিলাম। আবারও আমার ধারণা সত্য বলে প্রমাণিত হয়েছে। অন্য কারও দরকার নেই, আমি নিজেই নিজেকে ধন্যবাদ জানাচ্ছি।এখন সংসদের সামনে প্রশ্ন, আজকের দ্বিতীয় সেমিফাইনালটিতে কে জিতবে? এর সহজ উত্তর হচ্ছে জার্মানি। ব্রাজিলভক্ত ভাগনে ইমন আমাকে বারবার সতর্ক করে দিয়ে বলছে, ‘জার্মানি নয় মামা, স্পেন জিতবে। ধরা খাইবেন, মামা।’ কোথাকার কোন অক্টোপাস নাকি স্পেনের কথাই বলেছে। ওই গৃহপালিত অক্টোপাসটি নাকি আর্জেন্টিনার বিরুদ্ধে জার্মানি জিতবে বলেছিল। আমিও শুনেছি ওই অক্টোপাসের কথা। শুনে আমাদের হাইকোর্টের পাশে পালিত ও প্রশিক্ষণপ্রাপ্ত তোতাপাখির সাহায্যে বিড়ম্বিত পথচারীদের ভাগ্য বলতে বসা স্বঘোষিত জ্যোতিষীদের কথা মনে পড়ল।শুনেছি, স্পেন এবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন। তা হতে পারে। কিন্তু বিশ্বকাপ ফুটবলের মায়ার খেলায় এই পরিচয় কোনো বিশেষ তাৎপর্য বহন করে বলে আমার মনে হয় না।