জার্মানির কাছে হল্যান্ডের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে অপ্রত্যাশিত হার। কাল দ্বিতীয় ম্যাচে জার্মানদের কাছে আত্মসমর্পণ। এবারের ইউরো হল্যান্ডের জন্য দেখা দিয়েছে একরাশ হতাশা আর কষ্টের এক প্রতিযোগিতা হিসেবে। গ্রুপ অব ডেথের বেড়াজাল ডিঙিয়ে যে দলটি অন্তত কোয়ার্টার ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল, সেই দলই এখন অসময়ে বিদায়ের আওয়াজ শুনতে পারছে। ভাগ্য যে এখন আর ডাচদের হাতে নেই। কোয়ার্টার ফাইনালে যেতে হলে শেষ ম্যাচে পর্তুগালকে হারালেই চলবে না, অপেক্ষায় থাকতে হবে জার্মানি-ডেনমার্ক ম্যাচের ফলাফলের জন্য। জার্মানরা ডেনমার্ককে হারালে তখন আবার গোল পার্থক্যের হিসাবে বসতে হবে। সব মিলিয়ে হল্যান্ডের জন্য পুরো পথটাই এখন কণ্টকাকীর্ণ।কালকের ম্যাচে শুরুটা কিন্তু ভালোই করেছিল হল্যান্ড। ম্যাচের ৬ মিনিটের মাথাতেই রবিন ফন পার্সি এগিয়ে নিতে পারতেন হল্যান্ডকে। ফন বোমেলের এক চমত্কার থ্রু থেকে বল পেয়ে কেবল জার্মান গোলরক্ষক নয়্যারকে ফাঁকি দিতেই ব্যর্থ হন তিনি। এর পাশাপাশি বল দখলেও এগিয়ে ছিল ডাচরা। কিন্তু আক্রমণগুলো যেন জার্মান রক্ষণ-ব্যূহে গিয়ে বারবার খেই হারাচ্ছিল। জার্মানির পক্ষে প্রথম সুযোগ তৈরি করেন মেসুত ওজিল। তাঁর দুর্দান্ত এক ভলি সোজা হাতে গিয়ে পড়ে ডাচ গোলরক্ষক স্টেকেলেনবার্গের। খেলার ২৪ মিনিটে বাস্তেইন শোয়েনস্টেইগারের পাস থেকে দারুণ কেতার এক গোল করেন মারিও গোমেজ। মিরোস্লাভ ক্লোসার বদলে প্রথম একাদশে সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবেই মেলে ধরেছেন তিনি। প্রথমার্ধের ৩৮ মিনিটের সময় সেই মারিও গোমেজই কিছুটা কঠিন কোণ থেকে দারুণ শটে গোল করে হল্যান্ডকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন।দুটো গোলের জন্যই হল্যান্ডের কোচ বার্ট ফন মারউইক দায়ী করতে পারেন তাঁর রক্ষণ-ভাগকে। অথচ রন ভ্লারের জায়গায় অভিজ্ঞ মাথিতজেসেনকে নিয়েই একাদশ সাজিয়েছিলেন তিনি। দুটি গোলেই শোয়েনস্টেইগার মারিও গোমেজের কাছে বল পৌঁছে দিতে সক্ষম হন ডাচ রক্ষণ-ভাগের খেলোয়াড়দের নিজেদের মধ্যকার ভুল-বোঝাবুঝির সুযোগে।ডেনমার্কের বিপক্ষে বাজে পারফরম্যান্স সত্ত্বেও কাল ক্লাস জান হান্টেলারের আগে রবিন ফন পার্সিকে সুযোগ করে দিয়েছিলেন কোচ মারউইক। খেলার প্রথমেই একটি নিশ্চিত সুযোগ নষ্ট করার পর সেই ফন পার্সিই একই ধরনের আরও একটি সুযোগ নষ্ট করেন আরিয়েন রোবেনের থ্রু-পাস থেকে। ম্যাচের ৭৩ মিনিটের সময় অবশ্য সেই পার্সিই ব্যবধান কিছুটা কমান দারুণ এক গোল করে।ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে দারুণ খুশি জোয়াকিম লো। তিনি একই সঙ্গে উচ্ছ্বসিত স্ট্রাইকার মারিও গোমেজের গোল করার ক্ষমতাতেও। বলেছেন, ‘গোমেজের ওই দুটো গোল ছিল দুর্দান্ত। পুরো মৌসুমের পারফরম্যান্সে সে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।’ তিনি প্রশংসায় ভাসিয়েছেন প্লে-মেকার বাস্তেইন শোয়েনস্টেইগারকেও। জোয়াকিম লোর মতে, এই শোয়েনস্টেইগার প্রতিনিয়ত নিজেকে একজন গ্রেটের সম পর্যায়ে নিয়ে যাচ্ছে।ডাচ কোচ মারউইক স্বভাবতই হতাশ দলের পারফরম্যান্সে। তবে এই পরাজয়েও প্রতিপক্ষকে সাধুবাদ জানাতে ভোলেননি তিনি। হল্যান্ডের পরাজয়টা দারুণ এক দলের বিপক্ষে বলেই মনে করেন তিনি। তাঁর মতে, ‘জার্মানির মতো একটি দলের বিপক্ষে জয় পেতে হলে মাঠের পারফরম্যান্সে নিজেদের ছাপিয়ে যেতে হয়। এই কাজটিই করতে পারেনি আমার দলের খেলোয়াড়েরা।’তিনি আরও বলেন, ‘প্রথমদিকে আমরা ভালোই খেলেছিলাম। তবে গোল দুটি রক্ষণ-ভাগের ভুলেই হজম করতে হয়েছে।’ রয়টার্স।