টুর্নামেন্ট শুরুর আগে প্রথম একাদশে জায়গা হবে কি না, সেটা ভাবতে ভাবতেই কেটেছে দিন-রাত। মুখ ফুটে বারকয়েক বলেছিলেনও মনের ভেতরকার যন্ত্রণার কথা। সেই কার্লোস তেভেজই এখন শিরোপা ছাড়া কিছু বুঝছেন না। তাঁর এই স্বপ্নপূরণের পথে জার্মানিকেও মনে হচ্ছে তুচ্ছ। তেভেজ বলছেন, জার্মানির চেয়ে নাকি মেক্সিকোই ভালো দল!আগামীকাল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ জার্মানি। সম্মুখযুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে তেভেজের এত অবহেলা! অবহেলা আসলে না। জার্মানি-আর্জেন্টিনা মহারণ, তার আগে কথার লড়াই হবে না? জোয়াকিম লোর সৈনিকদের মানসিকভাবে অস্থির করে তুলতেই হয়তো এমনটা বলে থাকবেন তেভেজ, ‘আমি জার্মানির চেয়ে মেক্সিকোকে নিয়ে বেশি ভয়ে ছিলাম। কারণ মেক্সিকানরা ভালো ফুটবল খেলে। তারা প্রথমার্ধের প্রথম মিনিট থেকেই আমাদের পা থেকে বল নিয়ে যাচ্ছিল, দ্বিতীয়ার্ধের শুরুতেও তা-ই। ঠিক সময়ে রুখে না দাঁড়ালে আমরা হয়তো আরও ভুগতাম।’তেভেজ কেন জার্মানদের এ রকম বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন কে জানে। এমনও হতে পারে, গত বিশ্বকাপের স্মৃতি টেনে বাস্তিয়ান শোয়েনস্টাইগার আর্জেন্টাইনদের আচরণ নিয়ে যে প্রশ্ন তুলেছেন, এটা তারই জবাব। শোয়েনস্টাইগারের কথাটা তোলা হয়েছিল ম্যারাডোনার কানেও। ম্যারাডোনা এ নিয়ে কথার লড়াইয়ে না গেলেও পুরোনো অন্য একটা বিষয় টেনে কথার খোঁচাই দিলেন কাউকে কাউকে, ‘অনেকে বলেছিল, কীভাবে খেলা শেখাতে হয় সে সম্পর্কে আমার নাকি কোনো ধারণাই নেই। কিন্তু হঠাৎ করেই আমি একটার পর একটা ম্যাচ জিততে শুরু করলাম, যদিও আমি সেই আগের মানুষটিই আছি।’ ওয়েবসাইট।