জার্মানির প্রতিপক্ষ আজ ইতিহাসও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ থেকে ২৮ জুন—তারিখ ধরলে মাত্র সাত দিনের ব্যবধান, কিন্তু বছরের হিসাবে এরই মধ্যে ১৭ বছরের ক্যালেন্ডার খসে গেছে দেয়াল থেকে। ১৯৯৫ সালের ২১ জুন, গত ম্যাচে গোল করে নজরকাড়া আন্দ্রে শুর্লের বয়স তখন মাত্র চার বছর, মার্কো রিউসের ছয়। জার্মানির ইউরো দলের অন্তত ১২ জনকে পাওয়া যাবে, যাঁদের কারোরই বয়স তখনো ছয় পেরোয়নি। স-তে-রো বছর লম্বা সময়। ইতালির বিপক্ষে জার্মানির সর্বশেষ জয়ের স্মৃতিটায় প্রায় দেড় যুগের ধুলো!২০০৬ বিশ্বকাপের আগে দুই দল ছিল একই সমতলে। দুই দলেরই নামের পাশে ছিল তিনটি করে বিশ্বকাপ। ইউরোপের সেরা দুই দল। অথচ সেই জার্মানি আর ইতালির মুখোমুখি লড়াইয়ের হিসাব করলে চমকেই যেতে হয়। ১৭ বছর আগের ম্যাচটি তাও ছিল প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বা ইউরোর মতো টুর্নামেন্টে এর আগে সাতবারের সাক্ষাতে একবারও জয়ের দেখা পায়নি জার্মানি! স্বাভাবিকভাবেই আজকের ম্যাচের আগে বারবার ঘুরেফিরে আসছে এই ইতিহাস। খুবই স্বাভাবিক, অন্তত এই কদিনের জন্য ‘ইতিহাস’ ব্যাপারটিকে পাত্তাই দিচ্ছেন না জোয়াকিম লো। জার্মান কোচ বলেছেন, ‘সময়কে আপনি কখনো ফিরিয়ে আনতে পারবেন না। এটা তাই ভুলেই যান। অতীত কখনো আমাদের পরিকল্পনায় কোনো ভূমিকা রাখে না।’ ৫২ বছর বয়সী কোচ এর পর একরকম উড়িয়েই দিলেন ‘ইতিহাস’, ‘এটা স্রেফ একটা পরিসংখ্যান যে বড় টুর্নামেন্টে জার্মানি কখনো ইতালিকে হারাতে পারেনি। পারেনি তো কী হয়েছে? এখন পরিস্থিতি একেবারেই ভিন্ন। এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না।’লো-র কথাবার্তার পরতে পরতে আত্মবিশ্বাসের ঝলকানি। হবে না কেন? তাঁর তরুণ দল যেভাবে খেলছে, তাতে ইতিহাসকেও তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দুঃসাহস দেখাতেই পারেন। সর্বশেষ ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচেই জিতেছে জার্মানি। এই ইউরোতেও তারা সবচেয়ে ধারাবাহিক দল। টুর্নামেন্টে সর্বোচ্চ ৯ গোল করেছে জার্মানি। দলের সাত খেলোয়াড় গোল করেছেন। জার্মানদের এই দুর্দান্ত ফর্ম দেখেই কিনা, ইতিহাস নিয়ে আর ঘাঁটলেন না সিজারে প্রানদেল্লি। যা বলে মানসিক সুবিধা নিতে পারতেন, ইতালি কোচ বললেন বরং উল্টোটা, ‘অজেয় দল বলে কিছুই নেই। কী করা উচিত, এটা জার্মানি খুব ভালো বোঝে। শারীরিকভাবে তারা খুব শক্তিশালী, এমন অনেক খেলোয়াড় আছে ক্লাবের হয়ে যারা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেয়েছে। এগিয়ে যাওয়ার সব রকম উপাদানই তাদের আছে।’ অবশ্য কোচের মতো এতটা কূটনীতির ধার ধারেননি আন্দ্রেয়া পিরলো। ইতালির প্রাণভোমরা বলছেন, ‘জার্মানি অবশ্যই আমাদের ভয় পায়। অতীতে যা ঘটেছে, তার কারণে ওরা ভালো করেই জানে আমরা ওদের জীবন কতটা বিষিয়ে তুলতে পারি। ২০০৬-এর পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্যও সতর্ক থাকতে হবে তাদের।’ দল নিয়ে অবশ্য ইতালিই বেশি ঝামেলায়। তাদের তিন খেলোয়াড়ের চোট। ড্যানিয়েলে ডি রসি, ইগনাজিও আবাতে আর জর্জো চিয়েল্লিনিকে ফিট করে তোলার জন্য চেষ্টার বিরাম নেই চিকিৎসকদের। রাইটব্যাক ক্রিস্টিয়ান মাজ্জোও হলুদ কার্ডের খাঁড়ায় নিষিদ্ধ। তা ছাড়া কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালের মাঝখানে মাত্র তিন দিনের বিশ্রাম পেয়েছে ইতালি, জার্মানি পেয়েছে পাঁচ দিনের। এ নিয়ে অসন্তোষ লুকাননি প্রানদেল্লি।একাদশ গড়তে সমস্যায় পড়বে জার্মানিও। অবশ্য তাদের সমস্যাটি মধুর। গত ম্যাচে আক্রমণভাগের নিয়মিত তিন খেলোয়াড়কে বসিয়ে যাঁদের সুযোগ দিয়েছিলেন লো, তিনজনই আলো ছড়িয়েছেন। বাস্তিয়ান শোয়েনস্টাইগারের চোট নিয়েও একটা দুশ্চিন্তা আছে জার্মানদের। মেসুত ওজিলের কথা শুনলে মনে হবে, দুশ্চিন্তা এতটুকুই। ইতিহাস নিয়ে কোনো মাথাব্যথাই তাদের নেই। ‘নিজেদের খেলাটা খেলতে পারলে, আমি নিশ্চিত, ইতালিকে আমরা হারাবই।’ এএফপি, রয়টার্স।