জার্মানির বিপক্ষে অনিশ্চিত নানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগালের ইউরো অভিযান শুরু হচ্ছে আজ শনিবার। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। এমন একটা ম্যাচের আগে পর্তুগাল ভক্তদের জন্য দুঃসংবাদ। ডান পায়ের ইনজুরির কারণে এ ম্যাচে না-ও খেলতে পারেন উইঙ্গার নানি।দুঃসংবাদটা জানিয়েছেন পর্তুগালের কোচ পাওলো বেনতো। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বেনতো বলেন, ‘নানি গতকাল অনুশীলন করেছে। কালও (আজ) অনুশীলন করবে। এর পরই আমরা ওর ব্যাপারে সিদ্ধান্ত নেব। নানিই একমাত্র খেলোয়াড়, যাঁকে নিয়ে এখনো নিশ্চিত নই আমরা।’প্রীতি ম্যাচে গত শনিবার তুরস্কের কাছে ৩-১ গোলে হারে পর্তুগাল। ওই ম্যাচে ডান পায়ে চোট পান নানি। গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময়ও একই পায়ে চোট পেয়েছিলেন পর্তুগিজ এই উইঙ্গার। এ কারণে মৌসুমের দুই মাস মাঠের বাইরে কাটাতে হয় নানিকে। ২০০৬ সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় নানির। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫৪টি ম্যাচে অংশ নিয়েছেন। ২৫ বছর বয়সী এই খেলোয়াড় গোল করেছেন ১৩টি।পর্তুগালের সাম্প্রতিক খেলা মোটেও ভালো নয়। বলতে গেলে গেলে হতাশাজনক। তুরস্কের বিপক্ষে ম্যাচে বাজেভাবে তিনটি গোল খেয়ে বসে পর্তুগাল। এর আগে ঘরের মাঠে মেসিডোনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র। বাজে পারফরম্যান্সের কারণে চারদিকে কেবল সমালোচনা আর সমালোচনা। চলমান ইউরো আসরে পর্তুগাল কত দূর যেতে পারবে, এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এসব সমালোচনায় কান দিতে রাজি নন পর্তুগাল কোচ। বেনতো বলেন, ‘এসব সমালোচনাকে পরোয়া করি না আমি। কারণ, আমি শুধু খেলোয়াড়দের দিকেই মনোযোগী।’ রয়টার্স।