জার্মানির ভরসা তিন ‘অভিজ্ঞ তরুণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে তাঁরা ছিলেন সদ্য বিশ পেরোনো প্রতিশ্রুতিশীল তিন তরুণ। কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের নতুন ধারার জার্মান দলের প্রতীক। বয়স এখনো খুব বেশি হয়ে যায়নি, তিনজনের সবচেয়ে বড়জনের বয়সও কেবল ২৬। এখনো তরুণই বলা যায়। কিন্তু ফিলিপ লাম, বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও লুকাস পোডলস্কির নামের আগে বসাতে হচ্ছে ‘অভিজ্ঞ’ শব্দটি, জার্মানির এই দলে কেবল মিরোস্লাভ ক্লোসাই যে খেলেছেন এই তিনজনের চেয়ে বেশি ম্যাচ! ২০০৬ বিশ্বকাপের তিন ছটফটে তরুণ এখন দলের মূল ভরসাও।নিজ দেশের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন লাম, জায়গা পেয়েছিলেন ‘ফিফা অলস্টার টিম’-এ। সেই থেকেই জার্মান রক্ষণদুর্গের বাঁ পাশটায় তাঁর জায়গা ধরাবাঁধা। মাইকেল বালাক ইনজুরিতে পড়ার পর তাঁকে অধিনায়ক করতে দুবার ভাবতে হয়নি কোচ জোয়াকিম লোকে। কারণটা ভালো বলেছেন সাবেক জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস, ‘দলের সবার সঙ্গে লামের বোঝাপড়া দারুণ, ওকে সবাই শ্রদ্ধাও করে।’ তিনি ভালো অধিনায়ক—প্রমাণও দিতে শুরু করেছেন লাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচের আগে যা বলেছেন তাতে দারুণ উদ্দীপ্ত হতে পারে তরুণ দলটি, ‘আমি যতগুলো জার্মান দলে খেলেছি, তার মধ্যে এই দলটিই সেরা। প্রতিটি প্র্যাকটিস সেশনে সবার যে একাগ্রতা ও উত্সাহ, তাতে পরিষ্কার বোঝা যায় এই দল ভীষণ ক্ষুধার্ত।’ গত বিশ্বকাপে তৃতীয় হওয়া দলে ছিলেন, ছিলেন ইউরোতে রানার্সআপ হওয়া দলেও। ‘এখন আমরা ওয়ান টু ওয়ান অবস্থায় অনেক বেশি দক্ষ, টেকনিক্যালি আরও বেশি শক্ত সমর্থ এবং বল পায়ে রাখতে পছন্দ করে, টিপিক্যাল জার্মান খেলোয়াড় এই দলে বেশ কম। এটা দলের জন্য সত্যিই দারুণ’—শুধু অধিনায়ক বলেই নন, যুক্তি দিয়েই লাম ব্যাখ্যা করলেন তাঁর দাবি।অধিনায়ক লাম, কিন্তু জার্মানিকে মাঠের খেলায় নেতৃত্ব দিতে হবে শোয়েনস্টাইগারকে। প্রতিভা নিয়ে কখনো সন্দেহ ছিল না, কিন্তু এর প্রতিফলন মাঠে সব সময়ই পুরোটা দেখা যাচ্ছিল না ছটফটে স্বভাবটার জন্য। পেশাদার ফুটবলারদের হতে হয় সুশৃঙ্খল অথচ ছকবাঁধা জীবনে তাঁর বরাবরই আপত্তি। এই উড়ুউড়ু মনকে সুস্থির করার কৃতিত্ব বায়ার্ন মিউনিখ কোচ লুই ফন গলের। হঠাত্ চেপে বসা দায়িত্ব যেমন বাড়ির ছটফটে, অস্থির ছেলেটিকে পাল্টে দেয়, শোয়েনস্টাইগারের অবস্থা হয়েছিল তাই। বরাবরই ‘কড়া হেডমাস্টার’ ফন গল মাঝমাঠে তাঁকে দিলেন বেশি দায়িত্ব, আর এতেই বেরিয়ে এল সেরাটা। আট বছরের বায়ার্ন ক্যারিয়ারে কাটালেন সেরা মৌসুম। বালাক ইনজুরিতে পড়ার পর সেই পজিশনে শোয়েনস্টাইগারকে খেলাতে তাই বিন্দুমাত্র ভাবতে হয়নি জোয়াকিম লোকে।মাঝমাঠে অভিজ্ঞ বলতে আছেন কেবল শোয়েনস্টাইগারই! মেসুট অজিল, টমাস মুলার ও হোলগার বাডস্টুবারের মতো একদল তরুণকে নেতৃত্ব দিতে হবে তাঁর। তবে বায়ার্নের হয়ে এ মৌসুমের খেলাটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে শোয়েনস্টাইগারকে, ‘বায়ার্নে আমার পরিবর্তনটা হয়েছে ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ সময়ে। এখন আমি এই দলেও আরও দায়িত্ব নিতে চাই, চাই দলের খেলায় আরও বেশি প্রভাব রাখতে।’গত বিশ্বকাপে ‘বেস্ট ইয়াং প্লেয়ার’ খেতাব জিতেছিলেন পোডলস্কি, তাঁর স্ট্রাইকিং জুটি ক্লোসা জিতেছিলেন গোল্ডেন বুট। ক্লোসার ফর্মের যা অবস্থা, জার্মানিকে কিছু করতে হলে এবার পোডলস্কিকে হতে হবে গত বিশ্বকাপের ক্লোসা। ক্লাবের হয়ে সাম্প্রতিক ফর্মটা আশাজাগানিয়া নয়, জাতীয় দলের জার্সিতে পোডলস্কি অন্য রকম। বাছাইপর্বে করেছিলেন ৬ গোল, গোল পেয়েছেন প্রস্তুতি ম্যাচেও। গোলের জন্য তাই লোর সবচেয়ে বড় ভরসা এই পোডলস্কি।এই তিন ‘অভিজ্ঞ তরুণ’ যদি নিজেদের সেরাটা খেলতে পারেন, বালাককে হারিয়েও জার্মানি কিন্তু হয়ে উঠবে বরাবরের মতোই ভয়ংকর! ওয়েবসাইট।