জার্মানির লক্ষ্য সেমিফাইনাল: ফিলিপ লাম
আঘাতে আঘাতে জর্জরিত জার্মান ফুটবল দল। আঘাত ইতিমধ্যেই কেড়ে নিয়েছে নির্ভরযোগ্য দুই সৈনিককে। গোড়ালি সমস্যার কারণে প্রথমে মাইকেল বালাকের ঝরে পড়া ও সর্বশেষ গত শনিবার হাঙ্গেরির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ডিফেন্ডার হেইকো ওয়েস্টারম্যানের পা ভেঙে যাওয়ায় গভীর সমস্যায় নিপতিত জোয়াকিম লোর দল। দলের গুরুত্বপূর্ণ পাঁচ খেলোয়াড়ের আঘাতজনিত অনুপস্থিতিতে ফুটবল বোদ্ধারা ইতিমধ্যেই হিসাবের বাইরে ঠেলে দিতে চাচ্ছেন জার্মান দলকে। তবে মাইকেল বালাকের বদলে দলের নতুন অধিনায়ক ফিলিপ লাম শত সমস্যার মধ্যেও দলকে কমপক্ষে সেমিফাইনালে নিয়ে যাওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী।প্রথমে মাইকেল বালাক, এরপর একে একে গোলরক্ষক হিসেবে জোয়াকিম লোর প্রথম পছন্দ রেনে অ্যাডলার, মধ্যমাঠের খেলোয়াড় সাইমন রলফস ও ক্রিস্টিয়ান ট্রায়েস্ক ও হেইকো ওয়েস্টারম্যান আঘাতের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়ায় বিশ্বকাপ নিয়ে স্বপ্নের পরিধি অনেকটাই কমিয়ে নিয়ে এসেছেন কোচ জোয়াকিম লো। তিনি এখন একবারেই শিরোপার স্বপ্ন না দেখে ধাপে ধাপে এগোতে চান। সেই হিসাবে লোর প্রথম লক্ষ্য সেমিফাইনাল। কোচ জোয়াকিম লোর চিন্তাভাবনাই প্রতিফলিত হয়েছে অধিনায়ক ফিলিপ লামের মুখে। উত্তর ইতালির সিসিলিতে জার্মান ফুটবল দলের অনুশীলন শিবিরে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে লাম বলেন, ‘গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের আঘাতজনিত সমস্যা জার্মান দলকে বেশ ভোগাচ্ছে। তবে এ মুহূর্তে এসব অনাকাঙ্খিত ব্যাপার নিয়ে চিন্তাভাবনা না করে আমরা দৃষ্টিটাকে সামনে ফেরাতে চাই। আঘাত দলটার মনোবল নিচের দিকে ঠেলে দিক তা আমরা চাই না।’বিশ্বকাপে নিজেদের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে লাম বলেন, ‘আমরা প্রথমে সেমিফাইনালকে লক্ষ্য বানিয়ে এগিয়ে যেতে চাই। তবে তার আগে আমাদের গ্রুপপর্ব পেরোতে হবে।’ইতালির সিসিলিতে নিবিড় অনুশীলন চালানোর পর বিশ্বকাপ খেলতে দক্ষিণ আমেরিকা রওনা হওয়ার আগে বেশ কয়েকটি আনুষ্ঠানিকতা সারতে জার্মান দল এখন রাজধানী বার্লিনে অবস্থান করছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় গভীর রাতে জার্মান দলের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার কথা। দলের অবস্থা সম্পর্কে রাম আরও বলেন, ‘জার্মান দলটি তরুণ। দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ভালো। বিশ্বকাপের মতো একটি প্রতিযোগিতায় খেলতে যাওয়ার আগে খেলোয়াড়দের নিশ্চিত করতে হবে যে সব কিছু ঠিকঠাক মতোই চলছে।’আঘাতজনিত সমস্যার কারণে পাঁচজন খেলোয়াড় বাদ পড়ার পর নতুন করে আর কাউকে দলে ডাকছেন না কোচ জোয়াকিম লো। লো তাঁর পূর্বঘোষিত ২৭ জনের দল থেকেই এদিক-ওদিক করে সমন্বয় করার চেষ্টা করছেন। অনেক খেলোয়াড়ের জায়গাও পরিবর্তন করছেন। জায়গা পরিবর্তনের ফলে খেলোয়াড়েরা অসুবিধায় পড়বে কি না এমন প্রশ্নের জবাবে লাম বলেন, ‘অসুবিধায় পড়াটাই স্বাভাবিক, আমি লেফট ব্যাকে খেলি, আমাকে হঠাৎ করে মধ্যমাঠে খেলালে আমি তো অসুবিধায় পড়বোই।’