
ম্যাচ শেষে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব করলে খানিকটা হতাশই হবেন জোয়াকিম লো। দল দুর্দান্ত খেলেছে, ছেলেখেলাই করেছে আর্মেনিয়াকে নিয়ে৷ মিরোস্লাভ ক্লোসা গড়েছেন সবচেয়ে বেশি গোলের জার্মান রেকর্ড। কিন্তু এত সব অর্জন হয়তো নির্দ্বিধায় বিসর্জন দিতে পারবেন লো। দলের অন্যতম সেরা খেলোয়াড়টাকেই যে কেড়ে নিয়েছে এই ম্যাচ ।
ঘটনাটা ঘটে ৪২ মিনিটে। প্রতিপক্ষের একজনের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পড়ে যান মার্কো রয়েস। মুখে ব্যক্ত তাঁর যন্ত্রণাটাই বুঝিয়ে দিচ্ছিল চোটটা খারাপ । এই মৌসুমে বুন্দেসলিগায় আলো ছড়িয়েছেন ডর্টমুন্ডের হয়ে। জার্মানির হয়েও বিশ্বকাপে বড় একটা ভূমিকা রাখার কথা ছিল তাঁর। কিন্তু লিগামেন্টের চোটে সেটা রাখতে পারলেন না।
লোকে খানিকটা স্বস্তি দিতেই হয়তো রয়েসের বদলে ম্যাচটা নিজের করে নিয়েছেন লুকাস পোডলস্কি৷ একটি তো গোল করেছেনই, আরও চারটি গোলেই রেখেছেন অবদান। যে ম্যাচ ৭০ মিনিট পর্যন্তও ১-১ সমতায় ছিল, সেই ম্যাচ শেষ হয়েছে ৬-১-এ!
আর্মেনিয়া আসলে ভুল করেছে গোলটা করেই! ৬৯ মিনিটে পেনাল্টি থেকে হেনরিখ মেখিতারিয়ান সমতা আনার পরেই শুরু জার্মানির গোল-উৎসব। পোডলস্কি, হুবেডেস, ক্লোসা করেছেন একটি করে গোল, গোটশে করেছেন দুটি।
এর মধ্যেই রেকর্ডটা হয়ে গেছে ক্লোসার। জার্ড মুলারের সঙ্গে ৬৮ গোলের সমতায় ছিলেন এই ম্যাচের আগে। আর ম্যাচে মুলারকে ছাড়িয়ে জার্মানির হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক হয়ে গেলেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। তবে মুলার খেলেছিলেন ৬২ ম্যাচ, ক্লোসাকে খেলতে হয়েছে ১৩২টি।
এই মৌসুমে চোটের কারণে সেভাবে মাঠে নামতে পারেননি। রেকর্ডের চেয়ে ফর্মে ফেরাটাই বেশি আপ্লুত করছে জার্মান স্ট্রাইকারকে, ‘অবশ্যই, রেকর্ডটা আমার কাছে অনেক কিছু, কিন্তু ফর্মে ফেরাটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিন এখন আগের চেয়ে ভালো বোধ করছি। আমি বিশ্বকাপে দলকে সাহায্য করতে চাই।’
এ রকম বিধ্বংসী না হোক, নিজেদের মাঠে জয়টা প্রত্যাশিতই ছিল। লো মানছেন ব্রাজিলে কাজটা অনেক কঠিন হবে, ‘আমরা এখানে যে রকম খেলেছি, ব্রাজিলে সে রকম খেলার আশা করতে পারি না। ব্রাজিলে তাপমাত্রা ও আর্দ্রতা অন্য রকম, সেখানে ৯০ মিনিট একইতালে আপনি খেলতে পারবেন না। সুযোগ পেলেই তাই কাজে লাগাতে হবে।’ এএফপি।