জার্মানির হার, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ৪-০ গোলের হারের দুঃস্মৃতিটা মনের মধ্যে ভালোমতোই গেঁথে ছিল অস্ট্রেলিয়ার। পরশু সেই হারের প্রতিশোধ নিল প্রীতি ম্যাচে। জার্মানিতে গিয়ে ২-১-এ হারাল তারা জার্মানিকে।ক্লোসাদের এমন অপ্রত্যাশিত হারের রাতে আর্জেন্টিনাকে রুখে দিয়েছে কোস্টারিকা। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ ড্র করা আর্জেন্টিনা পরশু ম্যাচ রাখল গোলশূন্য। এদিকে শেষ মিনিটের নাটকীয় গোলে ঘানার সঙ্গে ড্র (১-১) করতে হয়েছে ইংল্যান্ডকেও। তবে ইউক্রেনের বিপক্ষে ২-০-তে জিতেছে ইতালি। পর্তুগালও একই ব্যবধানে হারিয়েছে ফিনল্যান্ডকে।গত সপ্তাহে ইউরো বাছাইয়ের ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে জ্বলে উঠেছিলেন মিরোস্লাভ ক্লোসা ও টমাস মুলার। দুজনই করেছিলেন জোড়া গোল। কিন্তু কাল গোল পেলেন না দুজনের কেউই। ২৬ মিনিটে মারিও গোমেজের গোলে এগিয়েই গিয়েছিল জার্মানি। কিন্তু এই অগ্রগামিতা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্ল্যাকপুল মিডফিল্ডার ডেভিড কারনির গোলে ৬১ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এর তিন মিনিট পর পেনাল্টি থেকে জয় নিশ্চিত করেন উইকশায়ার। সান হোসেতে পরশু কোস্টারিকার বিপক্ষে খেলতে নামেননি লিওনেল মেসি। অনুশীলনের সময় কুঁচকিতে ব্যথা পান ফিফা-ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনা তারকা। আর সেটিরই প্রভাব পড়ে আর্জেন্টিনার খেলায়। কোস্টারিকা এতটাই আক্রমণাত্মক খেলেছে যে প্রথমার্ধে তাদের গোলরক্ষক কেলর নাভাস দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখেছেন। আগামী জুলাইয়ে আর্জেন্টিনায় হবে কোপা আমেরিকা। এর আগে কোস্টারিকার মতো দলের সঙ্গে এমন ফল কি আত্মবিশ্বাসেও টান দেয়নি আর্জেন্টিনার? ডিফেন্ডার গ্যাব্রিয়েল মিলিতো বলছেন, ‘প্রীতি ম্যাচের ফল ততটা গুরুত্বপূর্ণ নয়। আমরা সবাই একসঙ্গে খেলে অভিজ্ঞতা বাড়াচ্ছি এটাই দরকার।’ওয়েম্বলিতে ক্যারিয়ারের প্রথম গোল করেও ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না লিভারপুলের ৩৫ মিলিয়ন ডলারের স্ট্রাইকার ক্যারল। ৪৩ মিনিটে তাঁর গোলে এগিয়ে গেলেও ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ডকে জয়বঞ্চিত করেছেন আসামোয়া জিয়ান। অতিরিক্ত সময়ে তাঁর দেওয়া গোলেই নাটকীয়ভাবে ড্র করে ঘানা। এএফপি।