জার্মানির হারাবার কিছু নেই: ক্লিন্সম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান মনে করেন, এবারের বিশ্বকাপে জার্মান দলটি অনভিজ্ঞ হলেও তাদের ক্ষণিকের ঝলকই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তিনি আরও মনে করেন, ‘বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো একটি ম্যাচ জেতার জন্য যে ধরনের ‘ঝলক’ প্রয়োজন তা দেখানোর ক্ষমতা জার্মান দলের রয়েছে।নব্বইয়ের বিশ্বকাপ জয়ী সেই অজেয় জার্মান দলের সদস্য ক্লিন্সম্যান পরবর্তী সময়ে দুটি বিশ্বকাপে জার্মানির হয়ে খেলেছেন। তিনি গত বিশ্বকাপে জার্মান দলের কোচের দায়িত্ব পালন করেন। তাঁর প্রশিক্ষণেই জার্মানি গতবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। ইতালির কাছে হেরে শেষ পর্যন্ত অবশ্য ইতি ঘটে জার্মানির বিশ্বকাপ মিশনের।ইয়ুর্গেন ক্লিন্সম্যান এবারের বিশ্বকাপে জার্মান দলের খেলায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এখনো পর্যন্ত জার্মানি যা খেলেছে, তা দেখে ভালোই লেগেছে। দলটি তো বেশ তরুণ। এই তরুণ দলটি যে ধরনের খেলা খেলেছে, তাতে আমি সন্তুষ্ট।’সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে অবশ্য তেমন একটা চিন্তিত নন ক্লিন্সম্যান। তিনি বলেন, ‘কোনো কোনো সময় এমন হতেই পারে। এসব নিয়ে ভেবে লাভ নেই।’ তিনি সার্বিয়ার বিপক্ষে দুর্ভাগ্যজনক পরাজয়ের পর ঘানার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ ও দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে জার্মানি যা খেলেছে, তা দেখে ভীষণ খুশি ক্লিন্সম্যান। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে জার্মান সম্ভাবনা সম্পর্কে ক্লিন্সম্যান বলেন, ‘দলটি তরুণ হলেও এতে কয়েকজন দারুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। সেসব খেলোয়াড়দের ক্ষণিকের ঝলক ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।’তিনি বলেন, ‘আমরা সবাই আর্জেন্টিনার বিপক্ষে জার্মানিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। দেখা যাক দলটি কতদূর যেতে পারে।’আর্জেন্টিনার বিপক্ষে নিজ দেশ জার্মানিকে ‘আন্ডারডগ’ হিসেবেই দেখছেন ক্লিন্সম্যান। তবে দলটির জন্য তিনি কোনো উপদেশ দিতে চান না বলে জানিয়েছেন ক্লিন্সম্যান। তিনি বলেছেন, ‘জার্মানির তরুণ দলটির কোনো উপদেশ লাগবে না। জার্মান দলের তরুণ খেলোয়াড়েরা জানে তাদের হারাবার কিছু নেই।’