জার্মানির ১০ বছরের সাধনার ফল

‘কষ্ট করলে কেষ্ট মেলে’—প্রবাদটির সার্থক প্রয়োগ ঘটাল জার্মানি। অন্য দলগুলো যেখানে মাত্র কয়েক সপ্তাহের প্রস্তুতি সেরেই নেমে পড়ে বিশ্বকাপে, সেখানে জার্মান দল একেবারেই ব্যতিক্রম। আর্জেন্টিনাকে হারিয়ে গত রাতেই শিরোপা তুলেছে জোয়াকিম লোর দল। কিন্তু তাদের এ শিরোপা কয়েক সপ্তাহের প্রস্তুতির ফসল নয়। দীর্ঘ ১০ বছর ধরে জার্মানি সাধনা করেছে আরাধ্য শিরোপা জয়ে।
২০০০ ও ২০০৪ ইউরো কাপে জার্মানি বিদায় নিয়েছিল গ্রুপ পর্বে। এ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে ও বড় শিরোপা-খরা ঘোচাতে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নেয় জার্মানি। একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে শুরু হয় এ মিশন। ঘরের মাঠে ২০০৬ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পরও পরিকল্পনা থেকে সরে আসেনি জার্মানরা। ২০০৮ ইউরোর ফাইনালে পরাজয়, ২০১০ বিশ্বকাপে আবারও তৃতীয় এবং ২০১২ ইউরো ব্যর্থতার পরও পরিকল্পনা থেকে সরে আসেনি জার্মানি। তাদের লক্ষ্য একটাই—জিততেই হবে বিশ্বকাপ শিরোপা।
লো শিরোপা জয়ের নেপথ্যের গল্প শোনলেন এভাবে, ‘আমরা ৫০ দিনে একত্র হয়েছি বটে। তবে আমাদের কাজ শুরু হয়েছিল ১০ বছর আগ থেকে। ইয়ের্গুন ক্লিন্সম্যানের (২০০৪-এর পর) সময় থেকেই এ মিশন শুরু হয়েছিল। পরে আমরা তা অব্যাহত রেখেছি। আমাদের বড় শক্তিশালী দিক হচ্ছে, শেষ পর্যন্ত শিরোপা না জিততে পারলেও বছরের পর বছর আমরা উন্নতি করেছি।’ যেন ‘একবার না পারিলে দেখ শত বার’ নীতিতেই অবিচল ছিল জার্মানি। লো বললেন, ‘জানতাম আমরা চূড়ায় পৌঁছাব। এ বিশ্বাস আমাদের মধ্যে ছিল। সেটিই আজ বাস্তবায়ন হয়েছে। অতীতে আমরা হতাশ হয়েছি। কিন্তু আজকের জয়টা আমাদের পাওনা ছিল। কারণ এটা কয়েক দিনের নয়, গোটা ১০ বছরের পরিশ্রমের ফল।’
এ সময়ে জার্মান ফুটবল ফেডারেশন তরুণ খেলোয়াড়দের ওপর বিশেষ নজর দিয়েছে। প্রচুর বিনিয়োগ করা হয়েছে তরুণদের গড়ে তুলতে। ফাইনালে জয়সূচক গোল এসেছে যে মারিও গোটশের পা থেকে, তিনিও এ প্রকল্পের ফসল। ২০০৬ বিশ্বকাপের পর ক্লিন্সম্যান বিদায় নেওয়ার পর জার্মান দলের দায়িত্ব নেন তাঁরই সহকারী লো। টানা আট বছর স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছেন জার্মান কোচ। ফলে এ সময়ে খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া যেমন দারুণ হয়েছে, তেমনি সবার সঙ্গে সম্পর্কটাও নিবিড় হয়েছে।
লো অবশ্য এ সাফল্যের পেছনে ঘরোয়া টুর্নামেন্টে ‘বুন্দেস লিগা’র অবদানও স্বীকার করলেন। বললেন, ‘খেলোয়াড়দের প্রশিক্ষণকেন্দ্র হিসেবে বুন্দেসলিগার বিরাট অবদান। ২০০০ এবং ২০০৪ সালে জার্মান ফুটবল একেবারে গোড়া থেকে শুরু করেছিল। পরে প্রশিক্ষণে প্রচুর বিনিয়োগ করা হয়। এ কারণে কৌশলগতভাবে আমাদের প্রচুর উন্নতি হয়েছে। ক্লাবগুলোর (জার্মান) বিরাট অবদান রয়েছে। কারণ, তারা তরুণ খেলোয়াড় পেয়েছে এবং তাদের প্রথম একাদশে সুযোগ দিয়েছে। অসাধারণ কাজ করেছে তারা। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে।’ রয়টার্স অবলম্বনে