জার্মানির 'দ্বিতীয় ম্যাচ' ফাঁড়া

এটা গ্রুপে জার্মানির প্রথম কিংবা শেষ ম্যাচ হলে সমস্যা ছিল না৷ এমনকি ভাবনার কিছু ছিল না যদি ম্যাচটা নকআউট পর্বে হতো তাহলেও৷ শুধু গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ বলেই না একটু দুশ্চিন্তায় জার্মানরা!
ভাবছেন এই ‘দ্বিতীয় ম্যাচ’-এর বিশেষত্ব কী?
স্মৃতির ফিতেটা ফাস্ট রিওয়াইন্ড করে দুই দশক আগের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে চলুন। বলিভিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা জার্মানি দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় স্পেনের কাছে (১-১)। চার বছর পর ফ্রান্সেও ক্লিন্সমান-ম্যাথাউসদের শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্রকে ২-০ হারিয়ে, কিন্তু পরের ম্যাচেই যুগোস্লাভিয়ার সঙ্গে ২-২ ড্র। দ্বিতীয় ম্যাচেই হোঁচট খাওয়ার এই ধারাটা জার্মানরা ধরে রাখে ২০০২ বিশ্বকাপেও। সৌদি আরবকে ৮-০ গোলে ভাসিয়ে শুরু করার পর পরের ম্যাচেই আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র। দ্বিতীয় ম্যাচের এই হতাশাটা গত ২০ বছরের মধ্যে শুধু ২০০৬ বিশ্বকাপেই কাটাতে পেরেছিল জার্মানি। কিন্তু গতবার দক্ষিণ আফ্রিকাতেই আবার সেই ‘ট্র্যাজেডি’। অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরুর পর জার্মানরা সার্বিয়ার কাছে হারে ১-০ গোলে!
পর্তুগালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে এবারের বিশ্বকাপ শুরু করা জার্মানি কি পারবে আজ ঘানার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের ফাঁড়া কাটাতে?
ব্যাপারটা আসলে নিছকই কাকতালীয়। তবে সামান্য একটা খুতখুতানি যে তবু মনের মধ্যে আছে সেটা বুঝবেন জার্মান সেন্টার ব্যাক পার মার্টেসেকারের কথা শুনলেই, ‘এটা আমাদের জন্য বড় সতর্কতা। আমরা জানি আমাদের কী করতে হবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা দ্বিতীয় ম্যাচটা খেলব।’
কাকতালীয় ব্যাপার হচ্ছে, গত বিশ্বকাপে সার্বিয়ার কাছে দ্বিতীয় ম্যাচটা হারের পর শেষ ম্যাচে এই ঘানাকে হারিয়েই নকআউট পর্ব নিশ্চিত করেছিল জার্মানরা। বিশ্বকাপে আফ্রিকানদের বিপক্ষে তাদের রেকর্ডও মন্দ নয়। এর আগে ছয়বার আফ্রিকান দলের বিপক্ষে খেলে জিতেছে চারটি ম্যাচ, ড্র করেছে একটি। একমাত্র হারটা ১৯৮২ বিশ্বকাপে আলজেরিয়ার কাছে (১-২)। গত বিশ্বকাপের গ্রুপপর্বের সেই জয় ছাড়াও ১৯৯৩ সালে এক প্রীতি ম্যাচে ঘানাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল জার্মানি। এই ইতিহাস ভুলে আজ কি নতুন কিছু দেখাতে পারবে ঘানা?
গত বিশ্বকাপে চমক দিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা ঘানা এবার শুরুতেই ১-২ গোলে হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে৷ আজ আরেকটা হারে পরের রাউন্ডে খেলার স্বপ্ন ধূসর হয়ে যাবে৷ কোয়েসি আপিয়ার দল তাই মরিয়া থাকবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে৷ তবে তার আগে নিজের ঘরটাও আপিয়াকে সামলাতে হবে৷ প্রথম ম্যাচে জুভেন্টাস মিডফিল্ডার কোয়াদো আসামোয়াকে খেলিয়েছেন লেফটব্যাক হিসেবে। কোচের সিদ্ধান্তে আসামোয়া সন্তুষ্ট নন, ‘আমি তো লেফট ব্যাক নই, আমার সেখানে মানিয়ে নিতেও সমস্যা হচ্ছে। পরের ম্যাচে আমি চাই নিয়মিত পজিশনে আমার সামর্থ্য দেখাতে।’ বোঝাই যাচ্ছে, নিজে আক্রমণাত্মক ভূমিকায় থাকতে চাইছেন ঘানাইয়ান মিডফিল্ডার। তাঁর চাওয়া পূরণ করতে গেলে অবশ্য একাদশে বদল আনতে হবে আপিয়াকে।
বদল আসতে পারে জার্মানি একাদশেও। আগের ম্যাচে চোট পাওয়া জার্মান সেন্টার ব্যাক ম্যাটস হামেলস আজ খেলতে পারবেন কি না নিশ্চিত নয়। শেষ পর্যন্ত ডর্টমুন্ড ডিফেন্ডার খেলতে না পারলে রাইটব্যাক জেরোম বোয়াটেং তাঁর জায়গা নেবেন৷ সে ক্ষেত্রে রাইটব্যাক হিসেবে খেলার সম্ভাবনা আছে আগের ম্যাচে হামেলসের বদলি হিসেবে নামা শকোদ্রান মুস্তাফির।