জার্মানির ‘মেসি’ গোয়েটজ
বয়স মাত্র ২০ হলো এই কিছুদিন আগে। এরই মধ্যে মারিও গোয়েটজকে নিয়ে রীতিমতো হইচই চলছে জার্মানি জুড়ে। অনেকেই বলছেন সারা বিশ্বে লিওনেল মেসিকে নিয়ে এত প্রচার, এত প্রশংসা যদি হয় তাঁর প্রতিভার গুণে, জার্মানির ‘মেসি’ তাহলে গোয়েটজ। বুন্দেসলিগায় বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা এ তরুণকেই আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মান দলের তুরুপের তাস মানছেন কোচ জোয়াকিম লো।১৯৯৬ সালের পর আর ইউরোপ সেরা হতে পারেনি জার্মানি। গতবার ফাইনালে উঠেও স্পেনের কাছে হেরে যেতে হয়েছে তাদের। এবার কোচ জোয়াকিম লো কোমর-কষে নেমেছেন ১৬ বছর পর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেই রুপালি ট্রফিটি বার্লিনে নিয়ে আসার জন্য। তিনি ছক কষছেন। কৌশল নিয়ে ভাবছেন। আর লো’র যাবতীয় কৌশল ও কর্ম-পরিকল্পনার কেন্দ্র-বিন্দু হয়ে আছেন সেই গোয়েটজ।‘গোয়েটজ কেবল এক বছর হলো জার্মান দলের সঙ্গে আছে। কিন্তু তাঁর খেলা দেখে মনে হয় সে একজন পরিপক্ব ও পরিপূর্ণ খেলোয়াড়। আর দীর্ঘদিন ধরেই যেন সে জার্মানির হয়ে খেলছে।’ গোয়েটজ সম্পর্কে জোয়াকিম লো’র পর্যবেক্ষণ। লো’র মতে তাঁর কোচিং ক্যারিয়ারে প্রচুর তরুণদের সঙ্গে তাঁর সময় কেটেছে। কিন্তু সত্যিই তিনি নাকি গোয়েটজের মতো প্রতিভার দেখা পাননি।ফুটবলে গোয়েটজের বিচরণটা বেশি দিনের নয়। ২০০৯ সালে বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগায় অভিষেক তাঁর। সর্বশেষ দুটি জার্মান মৌসুমে বুরুশিয়ার লিগ জয়ে এ তরুণের অবদান দুর্দান্ত। ২০১০ সালে অক্টোবরে মাত্র ১৮ বছর বয়সেই জার্মান জাতীয় দলে অভিষেক হয় তাঁর। গোয়েটজ জার্মানির ফুটবল ইতিহাসের দ্বিতীয় তরুণতম ফুটবলার। প্রথম থেকেই তিনি নিজেকে জার্মান দলের আক্রমণের অন্যতম স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। মেসির সঙ্গে তুলনা হয়তো এ মুহূর্তে কিছুটা বাড়াবাড়ি হয়ে যায়, কিন্তু এই গোয়েটজ ফুটবলটা খেলেন অনেকটাই সহজাতভাবে, যেটা একমাত্র মেসির মধ্যেই দেখা যায়। তিনি মেসির মতোই বল তৈরি করেন, দলের বাকি খেলোয়াড়দের তাঁর সঙ্গে দৌড়ে খেলতে বাধ্য করেন। নিজে গোল করার ক্ষেত্রেও গোয়েটজ রেখেছেন অসাধারণ দক্ষতার পরিচয়। গোয়েটজের প্রতিভার অনন্য স্বীকৃতি মিলেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ক্রীড়া-সামগ্রী প্রস্তুতকারক ‘নাইকি’র কাছ থেকে। এ বছরই তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে আবদ্ধ হয়েছেন ১৯ লাখ ডলারের একটি পৃষ্ঠপোষকতা চুক্তিতে। তাঁর পেছনে ডলার-পাউন্ড ও ইউরোর থলি নিয়ে ঘুরছে ইউরোপের অনেক শীর্ষ ক্লাবই। জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও উচ্ছ্বসিত এ তরুণ প্রতিভাকে নিয়ে। উচ্ছ্বসিত জার্মান ফুটবলের টেকনিক্যাল ম্যানেজার ম্যাথিয়াস সামারসহ অন্য সাবেকেরাও। তবে যে যা-ই বলুক গোয়েটজের পরীক্ষার ক্ষেত্র কিন্তু আসন্ন ইউরো। সেখানেই প্রমাণ হয়ে যাবে গোয়েটজ কতটা ‘মেসি’ হয়ে উঠতে পারেন। বিল্ড।