জার্মানি-ফ্রান্সের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে তারকা খেলোয়াড়ের অনেকেই দলে ছিলেন না। আবার অনেকেই সদ্য চোট কাটিয়ে ফিরেছেন। তাই বলে নিজেদের মাঠে ক্যামেরুনের সঙ্গে ২-২ গোলে ড্র করাটা জার্মানির জন্য একটু অস্বস্তিকরই৷  সমর্থকেরা তো বটেই, কোচ জোয়াকিম লো-ও দলের পারফরম্যান্সে হতাশ।

পরশু মনশেনগ্লাডবাখের ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশও করেছেন লো, ‘আপনি দেখে থাকবেন, খেলোয়াড়দের সজীবতার ঘাটতি ছিল। আমরা ভালো পাসিং ফুটবল খেলতে পারিনি এবং অনেক অনেক ভুল করেছি।’ জার্মানির হতাশার ম্যাচটাই ক্যামেরুনকে করছে উজ্জীবিত। বসনিয়ার কাছে হারের পর জার্মানির সঙ্গে ড্র আফ্রিকার অদম্য সিংহদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ম্যাচের চারটি গোলই হয়েছে ৬২-৭৮ মিনিটের মধ্যে৷ অধিনায়ক স্যামুয়েল ইতো প্রথমে এগিয়ে দেন ক্যামেরুনকেই৷ টমাস মুলার সমতা ফেরানোর পর বদলি হিসেবে নামা আন্দ্রে শুরলের গোলে এগিয়ে যায় জার্মানি৷ পরে চৌপো-মুতিংয়ের গোলে সমতা ফেরায় ক্যামেরুন৷

একই দিনে প্রস্তুতি ম্যাচে ড্র করেছে ফ্রান্সও। আগের ম্যাচে নরওয়েকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া রিবেরি-বিহীন ফ্রান্সকে রুখে (১-১) দিয়েছে প্যারাগুয়ে। গোলশূন্য ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচে ফ্রান্সই প্রথম এগিয়ে যায় বদলি খেলোয়াড় গ্রিজমানের গোলে । শেষ মুহূর্তে প্যারাগুয়ে সমতা এনেছে ক্যাসেরাসের গোলে। তবে ড্র করেও হতাশ নন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম, ‘আমরা প্রতি ম্যাচেই ৪-০ জিততে পারব না। আর আজ রাতে ভালো অনেক কিছুই ছিল।’

সাবেক দুই চ্যাম্পিয়নের ড্রয়ের দিনে জয় পেয়েছে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র। এডেন হ্যাজার্ড ও রোমেলু লুকাকুর গোলে বেলজিয়াম ২-০-তে হারিয়েছে সুইডেনকে৷ তুরস্ককে ২-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র৷ এএফপি।