জার্মানের হাতে জার্মানির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় এখন জার্মানির। কদিন আগেই সর্ব-জার্মান ফাইনাল জিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। বিশ্বকাপ ফুটবলেও জার্মানির পক্ষে বাজি ধরছেন অনেকেই। কিন্তু চারদিকের এই শুভ আবহের মধ্যেই পরশু আন্তর্জাতিক প্রীতি ম্যাচে  যুক্তরাষ্ট্রের কাছে ৪-৩ গোলে হেরে গেছে জার্মানি! জার্মানি-বধের নেপথ্য নায়ক একজন জার্মান—ইয়ুর্গেন ক্লিন্সমান। তবে জার্মান দলে নিয়মিত অনেকেই খেলেননি বলে ক্লিনসমানের দলের কাছে এই হারে ততটা উদ্বিগ্ন হয়তো নন জার্মান কোচ জোয়াকিম লো।
দুই দিন আগে ঐতিহাসিক ত্রিমুকুট বিজয়ী বায়ার্ন মিউনিখে খেলেন জার্মানির প্রায় অর্ধেক খেলোয়াড়। দীর্ঘ একটা মৌসুম শেষ করল রিয়াল মাদ্রিদও। সে কারণেই বায়ার্নের লাম, শোয়েনস্টেইগার, মুলার, গোমেজ, বাডস্টুবার, জেরোম বোয়াটেং, গোলরক্ষক নয়্যার, রিয়াল মাদ্রিদের ওজিল, খেদিরা কাউকেই ডাকেননি জোয়াকিম লো। একেবারেই আনকোরা কয়েকটি মুখও ছিল দলে। পরীক্ষিতদের মধ্যে ছিলেন কেবল ক্লোসা, পোডলস্কি, মার্টেসেকাররা।
তার পরও যুক্তরাষ্ট্রের কৃতিত্ব তাতে খাটো হয়ে যাচ্ছে না। পাঁচ দিন আগে বেলজিয়ামের কাছে হেরেছে ৪-২ গোলে। যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় সারির জার্মানির বিপক্ষেও জয়টা তাই বিশেষ কিছু। ঘরের মাঠে এমন জয়ের পর উচ্ছ্বসিত হতেই পারেন যুক্তরাষ্ট্রের জার্মান কোচ ক্লিন্সমান। এই ক্লিন্সমানই ২০০৬ সালে জার্মানিকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। ক্লোসাদের শক্তি-দুর্বলতা তাই তাঁর অজানা থাকার কথা নয়।
১৩ মিনিটে জোজি আলটিডোরের গোলে এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৬ মিনিটে তরুণ গোলরক্ষক আন্দ্রে টের স্টাজেনের আত্মঘাতী গোলে ২-০-তে পিছিয়ে পড়ে জার্মানি। এরপর হেইকো ওয়েস্টারমান জার্মানির পক্ষে কমান ব্যবধান (২-১)। কিন্তু তখনো ক্লিন্ট ডেম্পসির জাদুটা ছিল বাকি। ৬০ ও ৬৪ মিনিটে দুই গোল করে টটেনহাম ফরোয়ার্ড নিশ্চিত করে ফেলেন যুক্তরাষ্ট্রের জয় (৪-১)। ম্যাক্স ক্রুস ও জুলিয়ান ড্রেক্সলার পরে দুই গোল ফিরিয়ে দিলেও লাভ হয়নি। ৪-৩ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় জার্মানিকে।

জোড়া গোল করে ডেম্পসি এখন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (৩৫)। ৪৯ গোল নিয়ে সামনে শুধু ল্যান্ডন ডনোভান। ম্যাচ শেষে ডেম্পসির প্রশস্তি ঝরেছে ক্লিন্সমানের কণ্ঠে, ‘ক্লিন্ট ডেম্পসির মতো একজন দলে থাকাটা একটা আশীর্বাদ। দেশের ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন সে।’ জার্মানির কোচ লোয়েরও প্রশংসা কুড়িয়েছে যুক্তরাষ্ট্র দল, ‘যুক্তরাষ্ট্র দলের মান দেখে আমি মোটেও অবাক হইনি।’ এএফপি।