জার্মান-উৎসবে রং ছড়ালেন মুলার
জার্মানির মুলার নামের সঙ্গে বাংলাদেশের মিয়া নামের একটা অদ্ভুত সাদৃশ্য আছে। বাংলাদেশে যেমন অসংখ্য মিয়া নামের মানুষ আছে, জার্মানিতে আছে মুলার। সেই মুলার, টমাস মুলার কাল পর্তুগালের বিপক্ষে বিধ্বংসী হয়ে উঠলেন, জার্মানিতে পেলেন ফুটবল বীরের মর্যাদা। ব্রাজিল বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করা তো চাট্টিখানি কথা নয়!
টানা দুটি বিশ্বকাপে তৃতীয় জার্মানির ভাগ্যে এবার কী লেখা আছে কে জানে! বিশ্বকাপ শুরুর পর থেকেই গোটা জার্মানির অপেক্ষা ছিল ১৬ জুন, সোমবারের জন্য। দিনটি জার্মানিতে সপ্তাহের কাজ শুরুর প্রথম দিন। সকাল থেকেই সবার মধ্যে তাড়া ছিল স্থানীয় সময় বিকেল ছয়টায় এবারের বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে জার্মান দলের প্রথম ম্যাচটি কেমন হয় সেটি দেখার অপেক্ষায়।
জার্মানি-পর্তুগাল ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে থেকেই গণচত্বরগুলো লোকে লোকারণ্য। অনেকের হাতেই জার্মানির লাল কালো সোনালি পতাকা, মুখেও তা-ই অাঁকা। তবু পর্তুগালেরও পতাকা দেখা গেল অনেক। কেননা দক্ষিণ ইউরোপের এই দেশটির অনেক মানুষই জার্মানিতে কাজ করেন, পরিবার পরিজন নিয়ে বাস করেন। সব থেকে বড় গণচত্বর বার্লিনের ব্র্যান্ডেনবুর্গ গেট খোলে বেলা একটায়, খেলা শুরুর পাঁচ ঘণ্টা আগে। ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি থেকে জার্মানির প্রথম গোল করলেন টমাস মুলার, গোটা জার্মানি যেন কেঁপে উঠল সঙ্গে সঙ্গে। কয়েক হাজার মানুষের সঙ্গে হ্যানোভারের ফাউস্ট সংস্কৃতি কেন্দ্রে উন্মুক্ত চত্বরে খেলা দেখতে গিয়ে দেখলাম সবাই সবাইকে জড়িয়ে ধরে উল্লাসে ফেটে পড়ছে।
জার্মানদের ফুটবলপ্রেম অবিসংবাদিত, মাঠে গিয়ে বুন্দেস লিগার খেলা দেখার চেষ্টা করেন প্রায় সবাই। যাঁরা পারেন না, বার, রেস্টুরেন্ট অথবা বাড়ির ড্রয়িংরুমে বসে খেলা দেখেন টিভিতে। কিন্তু এবারের বিশ্বকাপ ফুটবল অনেক দূরে আটলান্টিকের ওপারে। তাতে কী, বিশ্বকাপকে ঘিরে জার্মানদের উৎসাহের সীমা নেই। জার্মানির সব বড় শহরে আবারও সেই ঢাউস টিভি পর্দা, রাস্তার ধারে বার, রেস্টুরেন্টে বাড়তি খরিদ্দারের আশায় সর্বত্র খেলা দেখার ব্যবস্থা। জার্মান আধাসরকারি টেলিভিশন জেডিএফ ও এআরডি বিশ্বকাপের তরতাজা সব খবর জানাতে ব্রাজিলে আলাদা স্টুডিও করেছে, সেখান থেকে বিশ্বকাপসংক্রান্ত নানা বিষয়ে বলছেন সাবেক জার্মান ফুটবল তারকারা। সব থেকে বড় টিভি পর্দা বসানো হয়েছে বার্লিনের ব্র্যান্ডেনবুর্গ গেটে। এখানে খেলা দেখতে হাজির হন লক্ষাধিক মানুষ। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জার্মান খেলোয়াড়দের সাহস জোগাতে প্রথম দিনই হাজির হন ব্রাজিলের মাঠে। সালভাদর স্টেডিয়ামে ছিলেন দশ হাজার জার্মান সমর্থকও।
ব্রাজিলের মাঠে জার্মান দল তো আছেই। বিশ্বকাপে অংশ নেওয়া অন্য তিন দলের সঙ্গেও জার্মান যোগসূত্র আছে। সুইজারল্যান্ড, ক্যামেরুন ও যুক্তরাষ্ট্র দলের কোচও জার্মান—ওটমার হিজফেল্ড, ভলকার ফিঙ্কে ও ইয়ুর্গেন ক্লিন্সমান।