প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) হয়ে গোল করেই চলেছেন ইব্রাহিমোভিচ। পরশুও করেছেন জোড়া গোল। পিএসজিও বাস্তিয়ার বিপক্ষে পেয়েছে ৪-০ গোলের অনায়াস জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির বিপক্ষে চেলসির জয়টা ছিল ঘাম ঝরানো। জয়সূচক একমাত্র গোলটি করেছেন অ্যাশলি কোল।ওদিকে নিজ নিজ লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ। তবে থেমে গেছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ডের অপরাজিত দৌড়। টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকা ডর্টমুন্ডকে পরশু হারিয়ে দিয়েছে হামবুর্গ। জয়ের নায়ক দক্ষিণ কোরিয়ান সান হেয়াং মিনের জোড়া গোলে তারা জিতেছে ৩-২ গোলে। সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস ২-০ গোলে হারিয়েছে শিয়েভোকে। দুটি গোলই করেছেন সেদিন চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে দলকে সমতা ফেরানো ফ্যাবিও কুয়ালারেল্লা। এ নিয়ে চার ম্যাচের সব কটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস।বায়ার্ন মিউনিখও পেয়েছে টানা চতুর্থ জয়। শালকে জিরো ফোরকে ২-০ গোলে হারিয়ে ফিরেছে বুন্দেসলিগার সফলতম দলটি। গোল দুটি করেছেন টনি ক্রুস ও টমাস মুলার। চার ম্যাচে ফ্রাঙ্কফুর্টেরও বায়ার্নের সমান ১২ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বায়ার্ন।এসি মিলান ছেড়ে এ মৌসুমেই ফ্রেঞ্চ লিগ ওয়ানে পাড়ি জমানো ইব্রাহিমোভিচ নতুন ক্লাবের হয়ে লিগে ৫ ম্যাচে গোল করলেন ৭টি। সব মিলিয়ে ৬ ম্যাচে ৮ গোল। ইব্রাহিমোভিচ-জাদুতেই শুরুর হোঁচটের পরও পিএসজি উঠে এসেছে পয়েন্ট তালিকার তিনে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলেই শীর্ষে থাকা মার্শেইয়ের পয়েন্ট ১৫।স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির পরশুর জয়টা কোচ রবার্তো ডি মাত্তেওকে দিয়েছে দারুণ স্বস্তি। গত বুধবার চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে এগিয়ে থেকেও জিততে পারেনি চেলসি। চেলসির সাফল্যপিপাসু মালিক রোমান আব্রামোভিচ এতে নাকি কোচের ওপর অসন্তুষ্ট। পরে চেলসির অনুশীলনে পর্যন্ত ঢুঁ মেরে গেছেন। ফলে অস্বস্তিটা চাপা দিতে জয়টা খুব দরকার ছিল। কিন্তু চেলসি গোল পাচ্ছিল না কিছুতেই। অবশেষে ৮৫ মিনিটে ত্রাতা হয়ে আসেন সেই অ্যাশলি কোল, যিনি চেলসির হয়ে সর্বশেষ গোলটি করেছিলেন দুই বছর আগে! ২০০৬ সালে আর্সেনাল ছেড়ে চেলসিতে আসার পর এটা ব্লুদের হয়ে তাঁর ষষ্ঠ গোল! গোলের পুরস্কার হিসেবেই হয়তো কোলকে চেলসির সঙ্গে নতুন চুক্তি করার জন্য উদ্বুদ্ধ করছেন ডি মাত্তেও। মৌসুম শেষেই শেষ হয়ে যাবে কোলের বর্তমান চুক্তির মেয়াদ। পিএসজি নাকি জানুয়ারিতেই এই ৩১ বছর বয়সী উইংব্যাককে দলে টানতে আগ্রহী। কিন্তু চেলসির ইতালিয়ান কোচের কথা, ‘এটা অ্যাশলি এবং ক্লাবের ব্যাপার। কিন্তু আমি তাকে দীর্ঘ মেয়াদে চেলসিতে থেকে যাওয়ার সুপারিশই করব।’ এএফপি।