জার্সি নম্বর ১৩
আর্জেন্টিনা-ব্রাজিল কি ফাইনালে উঠবে? যদি ওঠে, তাহলে ওয়াল্টার স্যামুয়েল আর দানি আলভেজকে মাঠের বাইরে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ দুজনেরই জার্সি নম্বর ১৩। নাম যদি ‘মুলার’ না হয়, তাহলে ১৩ নম্বর জার্সি পরে মাঠে না নামাই বোধ হয় ভালো!ইউরোপের অনেক বড় বড় হোটেলে ১৩ নম্বর কক্ষটাই থাকে না। বড় বড় দালানে ১২ তলার পরের তলাকে ১৪ তলা বলে চিহ্নিত করা হয়। এমনকি কোনো কোনো শহরে ১৩ নম্বর বাড়ি বা রাস্তাও রাখা হয় না। বুঝতেই পারছেন, এ সবই ‘আনলাকি থারটিন’-এর ফল। পাশ্চাত্যে ১৩ নম্বরটিকে কেন অপয়া বলা হয়, তা নিয়ে গবেষকদের অনেক কৌতূহল জাগানো কাজ আছে। আমাদের সে আলোচনায় কাজ নেই। ফুটবল বিশ্বকাপে ‘তেরো’রা কী করেছেন, সেটা বরং খোঁজ নেওয়া যাক।১৩ জার্সি নম্বরটা অপয়া—এ কথা বললে সবচেয়ে বেশি চটে ওঠার কথা জার্মানদের। অন্তত দুজন জার্মান বিশ্বকাপ ফাইনালে ১৩ নম্বর জার্সি পরে খেলতে নেমে ট্রফি হাতে নিতে পেরেছেন। একজন তো ১৩ নম্বর জার্সিটাকে কিংবদন্তিতে পরিণত করে ফেলেছেন—জার্ড মুলার।মুলার ১৩ নম্বর জার্সি পরে ১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। পরের বিশ্বকাপে ওই জার্সি পরেই বিশ্বকাপ ফাইনাল খেলেছেন এবং ফাইনালে তাঁর গোলেই শিরোপা জিতেছে পশ্চিম জার্মানি।এ ছাড়া ১৩ নম্বর জার্সি পরা সবচেয়ে বিখ্যাত মানুষটির নাম ইউসেবিও। ১৯৬৬ বিশ্বকাপে ‘অপয়া তেরো’ গায়ে দিয়ে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পর্তুগিজ এই মহাতারকা। অবশ্য তর্ক করনেওয়ালারা বলবেন, ইউসেবিও বিশ্বকাপ জিততে পারেননি।হ্যাঁ, এ কথা ঠিক, ১৩ নম্বর জার্সি পরে ফাইনাল খেলতে নেমে বিশ্বকাপ জেতা খেলোয়াড়ের সংখ্যা খুব কম। ১৯৫৪ সালে ফিফা প্রথম বিশ্বকাপে জার্সি নম্বর ব্যাপারটা চালু করে। এরপর থেকে ফাইনালে ১৩ নম্বর পরে নেমেছেন, এমন খেলোয়াড়েরা শেষ হাসি হেসেছেন মাত্র চারবার।জার্সি নম্বরসংবলিত প্রথম বিশ্বকাপেই ফাইনালে মুখোমুখি হয়েছিল পশ্চিম জার্মানি ও হাঙ্গেরি। দুই দলের হয়েই মাঠে নেমেছিলেন দুই তেরো—পশ্চিম জার্মানির ম্যাক্স মারলক ও হাঙ্গেরির পাল বারহিদি। শেষ হাসিটা মারলকই হেসেছিলেন। ৮ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়া পশ্চিম জার্মানির প্রথম গোলটা করেছিলেন তিনিই।এরপর ১৯৭০ সালের আগে আর কোনো বিশ্বকাপ ফাইনালে ১৩ নম্বর পরে কোনো খেলোয়াড় মাঠে নামেননি। ১৯৭০-এর ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামলেন ইতালির অ্যাঙ্গোলো ডমেনঘিনি। বলা বাহুল্য, হেরে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। চার বছর পর মুলার এসে বিশ্বকাপ না জিতলে ফাইনালে ১৩ নম্বর জার্সিটা বোধ হয় অপাঙেক্তয়ই হয়ে যেত!সেবার, মানে ১৯৭৪ বিশ্বকাপ ফাইনালে মুলারের পশ্চিম জার্মানির প্রতিপক্ষ হল্যান্ডের ১৩ নম্বর ছিলেন ইয়োহান নিসকেন্স। পরের বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন হল্যান্ডের ১৩। ১৩ নম্বর নিয়ে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলতে নামা একমাত্র খেলোয়াড় একবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি।ভাগ্যিস, এসব জেনেও গ্যাব্রিয়েল ওরিয়ালি বা আলদাইর ভয় পাননি! ১৯৮২ বিশ্বকাপ ফাইনালে ১৩ নম্বর পরে ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ওরিয়ালি। ১৯৯৪ সালে একই জার্সি পরে জিতেছেন ব্রাজিলের আলদাইর।এ ছাড়া বাকি ‘তেরোদের’ ইতিহাসটা বড় করুণ। এবারের ফ্রান্স অধিনায়কের কথাই ভেবে দেখুন না। বেচারা প্যাট্রিস এভরা ১৩ নম্বর পরে মাঠে নামতেন। দলের অবস্থা তো যাচ্ছেতাই হলোই। শেষ পর্যন্ত বিদ্রোহ-টিদ্রোহ করে অধিনায়ত্ব, দলের জায়গা; সব হারালেন!কী, ভয় লাগছে? তা ১৩ নম্বর খেলোয়াড়েরা একটু ভয় পেতেই পারেন। তবে নামটা মুলার হওয়া নিয়ে কথা বলা হচ্ছিল। জার্ড মুলারের কথা তো শুনলেনই। তিনি ১৩-কে জয় করেছিলেন। এবার জার্মানিরই আরেক ‘মুলার’ জয় করতে যাচ্ছেন তেরোর গেরো—টমাস মুলার।বিশ্বকাপের আগেও প্রায় অচেনা ছিলেন টমাস মুলার। অথচ দক্ষিণ আফ্রিকায় এসে গোল করে, করিয়ে, প্রতিপক্ষের ডিফেন্সে আতঙ্ক তৈরি করে মুলার বলে দিচ্ছেন ‘অপয়া তেরো’ তাঁকে আটকানোর ক্ষমতা রাখে না।টমাস মুলার মুখেও বলছেন, ‘আমি আসলেই এসব নিয়ে ভাবি না। কেমন খেলব, এটা জার্সি নম্বর ঠিক করে দেয় না।’এই হচ্ছে লাখ কথার এক কথা। তাই যদি না হবে, তাহলে ১০ নম্বর জার্সি পরলে সবাই পেলে-ম্যারাডোনা হয়ে যেতেন। কেউ কেউ তো ১০ নম্বর পরে ওর্তেগাও হয়েছেন! ওয়েবসাইট।