জার্সিতে কলার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট আসলে মানসিক খেলা। মনোবিজ্ঞানী উইল রস প্রশ্ন করেছেন, কেন বেশির ভাগ খেলোয়াড় ১০০ করার পরই আউট হয়ে যান? বাংলাদেশের বেলায় এটা অবশ্য ৫০। যিনি ৫০ করতে পারেন, তিনি যে ১০০-ও করতে পারেন—তাঁরই বরং ১০০ করা উচিত—এটা কেন হয় না? কারণ তাঁর মনে হয়, তাঁর কাজ হয়ে গেছে। যে বোলার খুব ভালো বল করছেন, দুটি চার-ছক্কা খাওয়ার পর কেন তিনি আর জায়গায় বল ফেলতে পারেন না? হঠাৎ কী হলো যে তিনি বল করা ভুলে গেলেন? ২৫৫ তাড়া করতে গিয়ে ২০০ পর্যন্ত চারটা উইকেট পড়ছে, কেন ২৪৪-এর মধ্যে অলআউট? এর কারণ, উইল রস বলেন, খেলাটা কেবল ২২ গজে হয় না, হয় ছয় ইঞ্চিতে, তোমার দুই কানের মধ্যের জায়গায়।সাইকোলজিক্যাল খেলায় বোলাররা চেপে ধরতে চেষ্টা করেন ব্যাটসম্যানকে, ব্যাটসম্যান চড়াও হওয়ার চেষ্টা করেন বোলারদের ওপর। কেন ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বোলিংয়ের মুখে তাসের ঘরের মতো পড়ে গিয়েছিল ভারতের প্রস্তরকঠিন দেয়াল? পুরো ব্যাপারটাই মনস্তাত্ত্বিক। ভারত সেবার চাপের কাছে ভেঙে পড়েছিল। এবার তারা যথেষ্টই পরিপক্বতার পরিচয় দিয়েছে। তাদের সাম্প্রতিক ফর্ম খুব ভালো, প্রস্তুতি ম্যাচেও তারা খুব ভালো করে জয়ের ইনারশিয়াতে আছে। মাশরাফিকে তারা ভয় পায় যমের মতো, হয়তো মাশরাফির না থাকাটা তাদের মানসিক দৃঢ়তা দিয়েছে। আর অন্যদিকে তরুণ শফিউল বিশ্বকাপের প্রথম বলটা হাতে পেয়েছেন। এত দিনের প্রতীক্ষা। চারদিকে হাজার হাজার সমর্থক। প্রথম বলটাতেই শেবাগের চার। কী করবেন বেচারা? তবু বাংলাদেশ ২০০৭-এর ভারতের মতো ভেঙে পড়েনি।২০০৭-এ ভারতের সেই পরাজয়ের পর ভারতীয় এক সমর্থকের লেখা পড়েছিলাম ইন্টারনেটে। তিনি বিজয়ী দলের আর পরাজিত দলের জার্সি বিশ্লেষণ করে দেখিয়েছিলেন, ভারতের হারার একটা কারণ ছিল তাদের জার্সির নরমসরম ভদ্র রং আর ডিজাইন। বাংলাদেশের জার্সিতে ছিল তীব্র লাল-সবুজ-হলুদ। শ্রীলঙ্কার জার্সির রংও ছিল চোখ ধাঁধানো। ভারতের জার্সির রং ছিল আকাশি-নীল। ওতে মারকুটে ভাবটা ছিল না।এবার আমার মনে হয়েছে, আমাদের দলে কেবল মাশরাফি বিন মুর্তজা নেই, তা-ই নয়, তাঁর সেই কলার উঁচানো রুখো আগ্রাসী ভঙ্গিটাও নেই। পেসারদের চোখ থেকে, শুধু কি ফাস্ট বোলার, মুত্তিয়া মুরালিধরনের চোখ থেকে যে আগুন বের হয়, মাশরাফির চোখে সেটা থাকে। আমাদের তামিমের চোখেও কিন্তু ওই আগুনটা গনগন করে অনেক সময়। ১৯ ফেব্রুয়ারির রাতে অবশ্য সেটা ছিল না।আমাদের সবচেয়ে বড় সুবিধা, সাকিব আল হাসানকে বলা হয়ে থাকে আইসম্যান, বরফমানব, তাঁর মাথা নাকি বরফের মতো ঠান্ডা।কিন্তু এবার একটা অসুবিধা আছে আমাদের জার্সি নিয়ে। আমাদের জার্সিতে এবার কলারই নেই। শফিউল আর রুবেল যে কলারটা উঁচু করে রাখবেন, তারই বা সুযোগ কোথায়? তাঁদের হাঁটাচলা আর দৌড়ের মধ্যেই এমন একটা ভাব দরকার, যেন সুন্দরবন থেকে এই মাত্র বেরিয়ে এসেছে ভয়ংকর রয়েল বেঙ্গল টাইগার, এখনই ঝাঁপিয়ে পড়বে শিকারের ওপর।হল্যান্ডের ব্যাটিং দেখে ‘ডরাইছি’। নিজের দেশের খেলার দিন ভয়ে আমার শরীরের রক্ত হিম হয়ে আসে, আয়ারল্যান্ডকেও ভয় লাগছে, কিন্তু আশা করি, নিউজিল্যান্ডকে সদ্য হোয়াইটওয়াশ করা সাকিব বাহিনী এদের উড়িয়ে দেবে।আমি চাইব, আমাদের খেলোয়াড়দের ভঙ্গির মধ্যে যেন একটা জিগীষা থাকে। বোলারদের, এমনকি মুশফিকুর রহিমের কলারটা যেন উঁচুই থাকে। কিন্তু তার আগে আমাদের জার্সিতে কলার লাগাতে হবে।