জার্সির গল্প

ব্রাজিলের নীল-হলুদ জার্সি কীভাবে এল? কোস্টারিকা কী করে ‘জুভেন্টাস’ হয়ে গিয়েছিল? জার্সিতে বাঙ্ময় হয়ে উঠেছে এমনি কত অজানা গল্প। আজ থাকছে শেষ পর্ব
নীল-হলুদ কথন
ব্রাজিল বললেই ভেসে ওঠে নীল-হলুদের সেই বর্ণিল উচ্ছ্বাস। কিন্তু এই জার্সি কবে থেকে গায়ে তোলা শুরু করল সেলেসাওরা?
চলুন ফিরে তাকানো যাক ১৯৫০ সালে। উরুগুয়ের বিপক্ষে বুক ভেঙে দেওয়া সেই ‘মারাকানাজোর’ পর পুরো ব্রাজিল শোকে কাতর। দেশটির পত্রিকা করিয়েরো ডা মানহা বলে বসল, সাদা-নীল জার্সিটা অভিশপ্ত। প্রথম চারটি বিশ্বকাপ ব্রাজিল এই জার্সি পরেই খেলেছিল।
ব্যস, ব্রাজিলজুড়ে রব, জার্সি বদলাতে হবে। পত্রিকাটি নতুন জার্সির নকশা চেয়ে একটা প্রতিযোগিতাও আয়োজন করে ফেলল। সেটিতে জয়ী হয়েছিলেন ১৮ বছর বয়সী তরুণ লেখক ও নকশাকার আলদির গার্সিয়া শেলে। নিশ্চয় বলে দিতে হবে না, আজকের এই জার্সিটা তাঁরই মস্তিষ্কপ্রসূত।
১৯৫৪ বিশ্বকাপে নতুন জার্সি পরে মাঠে নামে ব্রাজিল। মেক্সিকোকে ৫-০ গোলে উড়িয়ে শুরু, এর পর থেকে সেটি সাম্বার প্রতীকই হয়ে গেছে।
সুইডেনে পরের বিশ্বকাপের ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি পেলে-গারিঞ্চার ব্রাজিল। কিন্তু দুই দলের জার্সিই হলুদ। বাধ্য হয়েই লটারি, তাতে হার ব্রাজিলের। কিন্তু না, আগের সেই সাদা জার্সি আর পরেনি ব্রাজিল। কী করা, কী করা, ভাবতে ভাবতে ব্রাজিলের কর্মকর্তারা স্টকহোমের দোকান চষে বেড়ালেন৷ বিফল হননি তাঁরা, নীল রঙের একটা জার্সি ঠিকই মিলে গেল৷ মজার ব্যাপার, ব্রাজিলিয়ানদের পূজনীয় আওয়ার লেডি অব আপারেসিডার পোশাকের রংও নীল। শেষ পর্যন্ত দেখা গেল, নীল জার্সিটা পয়াই। সেই ফাইনাল দিয়ে শুরু, এরপর আরও চারবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। নীল জার্সি-সাদা শর্টস হয়ে গেছে ব্রাজিলের প্রথম পছন্দের জার্সি৷
জুভেন্টাসের জন্য
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামল কোস্টারিকা৷ দর্শকদের মধ্যে বিস্ময়ের মৃদু গুঞ্জন। একি, মধ্য আমেরিকার দেশটির লাল-সাদা জার্সি কই? এই জার্সি পরেই বিশ্বকাপে অভিষেক ম্যাচে তারা হারিয়ে দিয়েছিল স্কটল্যান্ডকে৷ ‘পয়া’ জার্সি বদলে সাদা-কালোর অমন ডোরাকাটা জার্সি কেন? যেটি কিনা জুভেন্টাসের জার্সির মতো!
১৯৯০ বিশ্বকাপের ঘটনা৷ প্রথম ম্যাচে বিশ্বকে চমকে দেওয়া কোস্টারিকার দ্বিতীয় ম্যাচ ছিল অগ্নিপরীক্ষা, তুরিনের এস্তাদিও কমুনালে প্রতিপক্ষ ব্রাজিল। এই ম্যাচেই কোস্টািরকা পরল জুভেন্টাসের মতো জার্সি! ব্যাপার কী? কোস্টারিকার সেই দলের সদস্য আলেক্সান্দ্রে গুইমারেজ পরে রহস্যটা ফাঁস করেছেন। তুরিন-দর্শকদের সমর্থন পেতেই নিজের দলকে অমন জার্সি পরিয়ে মাঠে নামিয়ে দেন কোস্টারিকার কোচ বোরা মিলুটিনোভিচ। আরেকটা উদ্দেশ্য ছিল, দেশটির প্রাচীনতম ক্লাব সিএস লিবের্তাদকে শ্রদ্ধা জানানো। হারিয়ে যেতে বসা ক্লাবটির জার্সিও যে ছিল সাদা-কালো।
এত কিছু করে অবশ্য লাভ হয়নি। সেদিন গ্যালারি আলো করেছিলেন ব্রাজিল ভক্তরাই, কোস্টারিকা ম্যাচ হেরে যায় ০-১ গোলে। তবে পরের ম্যাচেই মিলল ‘জুভেন্টাস জার্সির’ আশীর্বাদ৷ জয় এল সুইডেনের বিপক্ষে৷ অভিষেক বিশ্বকাপেই নকআউট পর্বে কোস্টারিকা।
‘ভিভা উরুগুয়ে’
কারও জার্সিতে লেখা ‘ভি’, কারও জার্সিতে ‘আই’। বলিভিয়ার খেলোয়াড়দের জার্সিতে একেকটি বর্ণ সেলাই করে বসানো৷ মাঠে প্রথম একাদশ দাঁড়াতেই ব্যাপারটা সবার কাছে পরিষ্কার৷ পুরো বাক্যটা এমন, ‘ভিভা উরুগুয়ে’ বা ‘উরুগুয়ে চিরজীবী হোক’।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের কথা। উরুগুয়েতে বসেছে প্রথম বিশ্বকাপ৷ যুগোস্লাভিয়ার সঙ্গে প্রথম ম্যাচেই অমন জার্সি পরে নামল বলিভিয়া। উরুগুয়েকে সম্মান জানাতেই এটা করল তারা৷ মজার ব্যাপার, পরের ম্যাচে ব্রাজিলের সঙ্গে মিলে যায় বলিিভয়ার সাদা রঙের জার্সি৷ আর কোনো জার্সিও ছিল না তখন বলিিভয়ার। শেষ পর্যন্ত ব্রাজিল দল থেকে আকাশি জার্সি ধার করে মাঠে নামা—দক্ষিণ আমেরিকার দেশটির ওই ‘জার্সি-কাহিনি’ বিশ্বকাপের ইতিহাসেরই একটা অংশ হয়ে আছে!