জার্সির গল্প

মেক্সিকো সিটির এক ছোট্ট দোকান থেকে কিনে আনা জার্সি গায়েই ফুটবল ইতিহাসের সবচেয়ে নিন্দিত আর নন্দিত গোল দুটি করেছেন ম্যারাডোনা। ইতালিয়ান দর্শকদের সমর্থন পেতে জুভেন্টাসের জার্সি গায়ে ১৯৯০ বিশ্বকাপে খেলেছে কোস্টারিকা! আর্জেন্টিনার এক অখ্যাত ক্লাবের কাছ থেকে জার্সি ধার করতে হয়েছিল ফ্রান্সকে। বিশ্বকাপে দলগুলোর জার্সি নিয়ে এমন আরও চমকপ্রদ গল্পের আজ থাকছে প্রথম পর্ব-
তাপানুকূল জার্সি
সময়টা ১৯৭০। বিশ্বকাপ হবে মেক্সিকোয়। প্রচণ্ড তাপমাত্রা আর আর্দ্রতা শুরু থেকেই হয়ে উঠল দলগুলোর মাথাব্যথার কারণ। জরুরি ছিল একটা সমাধান। ইংল্যান্ড নিজেদের মতো সমাধান বের করল৷ বায়ুপ্রবাহী বিশেষ একধরনের জার্সি পরে খেলার সিদ্ধান্ত নিল। শুধু তা-ই নয়, লাল জার্সি পরে ১৯৬৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও মেক্সিকোতে তারা খেলল সাদা জার্সি পরে। দ্বিতীয় জার্সিটা নিল আকাশি-নীল রঙের, লাল থাকল তৃতীয় বিকল্প। ভাবনাটা ছিল, গাঢ় রঙের চেয়ে হালকা রং হয়তো মেক্সিকোর প্রচণ্ড গরমে বেশি আরামদায়ক হবে। সমস্যাটা হয়েছিল চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচে। ইংল্যান্ড গায়ে দিল আকাশি-নীল জার্সি, চেকরা সাদা। পরে সেই ম্যাচের স্মৃতিচারণা করতে গিয়ে কোচ আলফ রামসে বলেছেন, ‘কাছাকাছি রং হওয়ায় ডাগ-আউটে বসে মাঠের রোদের মধ্যে আমি বুঝতে পারছিলাম না কোনটা আমার দলের খেলোয়াড় আর কোনটা প্রতিপক্ষের।’ রামসের চেয়ে বড় সমস্যায় পড়েছিলেন টেলিভিশন ধারাভাষ্যকার আর দর্শকেরা। সাদা-কালো টিভিতে দুই দলকে আলাদা করা আরও কঠিন হয়ে গেল। ওই বিশ্বকাপে একবারই লাল জার্সি গায়ে খেলেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে পশ্চিম জার্মানির কাছে সেই ম্যাচে তারা অতিরিক্ত সময়ে হেরেছিল ৩-২ গোলে।
কেনা জার্সিতে লেখা ইতিহাস
আবারও মেক্সিকোতে বিশ্বকাপ, আবারও সেই তাপমাত্রা আর আর্দ্রতা সমস্যা। এবার দুশ্চিন্তা বেশি আর্জেন্টিনার। নীল-সাদা চেকের মূল জার্সিতে খুব একটা সমস্যা নেই। কিন্তু গাঢ় নীল রঙের দ্বিতীয় জার্সিটা নিয়েই যত বিপত্তি। কোয়ার্টার ফাইনালে সেটা গায়ে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। কীভাবে সম্ভব! পাতলা কাপড়ে নতুন জার্সি বানানোর সময়ও নেই। কোচ কার্লোস বিলার্দো তাই সহকারী রুবেন মোশেল্লাকে পাঠালেন মেক্সিকো সিটির দোকান ঘুরে দেখতে। যদি নীল রঙের একটু আরামদায়ক কাপড়ের কোনো জার্সি পাওয়া যায়। অলিগলি খুঁজে দুটি জার্সি নিয়ে এলেন মুশেল্লা। দুটিই মোটামুটি পাতলা। এ থেকে যেকোনো একটা বেছে নিতে হবে। অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার পছন্দ হলো একটা। হাতে নিয়ে বললেন, ‘এটা গায়েই আমরা ইংল্যান্ডকে হারাব।’ সেই দোকান থেকেই আরও ৩৮টি ওই রকম জার্সি কিনে আনা হলো। তড়িঘড়ি করে সবগুলোতে সেলাই করে লাগানো হলো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যাজ। কয়েক ঘণ্টা পরে সেই জার্সি গায়েই ইংল্যান্ডকে হারাল আর্জেন্টিনা। দুটি গোলই ম্যারাডোনার। কোন দুটি গোল তা নিশ্চয়ই বলে দিতে হবে না!
ধার করা জার্সি
১৯৭৮ বিশ্বকাপে ফ্রান্স-হাঙ্গেরি ম্যাচ আর্জেন্টিনার মার দেল প্লাতায়। খেলা শুরুর কিছুক্ষণ আগে ফরাসি মিডফিল্ডার অঁরি মিশেল খেয়াল করলেন হাঙ্গেরির খেলোয়াড়েরা সাদা জার্সি পরে মাঠে হাঁটাহাঁটি করছেন। ডেকে দেখালেন অধিনায়ক মারিয়াস ট্রেসরকে। তিনি গিয়ে প্রতিপক্ষের স্ট্রাইকার আন্দ্রাস তোরোচিককে জিজ্ঞেস করলেন, ‘তোমরা সাদা পরে খেলবে নাকি? সাদা তো ফ্রান্সের পরার কথা।’ ‘না, আমাদের পরার কথা’—তোরোসিকের জবাব। ফরাসি অধিনায়ক দলের তত্ত্বাবধায়ককে জানালেন ব্যাপারটা। তত্ত্বাবধায়ক দেখলেন ভুলটা তাঁর। ফিফার নির্দেশনায় সেদিন হাঙ্গেরিকেই সাদা পরতে বলা হয়েছে। ওই নির্দেশসহ চিঠি তিনি ভালোমতো পড়েননি। এখন উপায়? নীল জার্সি তো ফ্রান্স ৪০০ কিলোমিটার দূরে বুয়েনস এইরেসে রেখে এসেছে। এদিকে ম্যাচ শুরুর সময় পেরিয়ে যাচ্ছে। তড়িঘড়ি করে ফ্রান্সের কর্মকর্তারা গেলেন মার দেল প্লাতার স্থানীয় ক্লাব অ্যাটলেটিকো কিম্বারলিতে। তারা রাজি হলো তাদের সবুজ-সাদা চেকের জার্সি ফ্রান্সকে ধার দিতে। তবে সমস্যা, জার্সি মাত্র ১৬টি এবং সব নম্বরের ধারাবাহিকতা নেই। কী আর করা, অনন্যোপায় ফ্রান্স সেগুলো পরেই সেদিন মাঠে নামল এবং ম্যাচটা জিতল ৩-১ গোলে। মজার ব্যাপার হচ্ছে তিন গোলের একটি যিনি দিয়েছিলেন, সেই মিডফিল্ডার ডমিনিক রশতোর গায়ের জার্সির নম্বর ছিল ৭, শর্টসের ১৮! ওয়েবসাইট৷