জার্সির প্রত্যাবর্তন

নিয়মের কঠোরতায় ছিঁড়ে গেল ভালোবাসার জাল। আবেগের ভার বইতে হলো ফেলিপে কাইসেদোকে। গায়ে চাপালেন ক্রিস্টিয়ান বেনিতেজের জার্সি!
গত ২৯ জুলাই হার্ট অ্যাটাকে মাত্র ২৭ বছর বয়সেই ওপারে পাড়ি জমান বেনিতেজ। ইকুয়েডরের এক নম্বর স্ট্রাইকার তখন তিনি, দেশে তুমুল জনপ্রিয়। আচমকা এভাবে প্রিয় সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়ে পুরো ইকুয়েডর। বেনিতেজের সম্মানে ১১ নম্বর জার্সি চিরতরে তুলে নেওয়ার ঘোষণা দেয় ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন। কিন্তু ফিফার নিয়মের কঠিন দেয়ালে যে আবেগের মূল্য সামান্যই! বিশ্বকাপে ১১ নম্বর জার্সি ছাড়া খেলতে ইকুয়েডরকে অনুমতি দেয়নি ফিফা। বেনিতেজের জার্সি দেওয়া হয় এখনকার মূল স্ট্রাইকার কাইসেদোকে।
জার্সি ফেরাতে হয়েছে বাধ্য হয়ে। তবে বেনিতেজের মতো ভালোবাসা এই দলের সবার এখনো অটুট। পরশু সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কোচ রেইনালদো রুয়েদা বললেন, ‘ওর শূন্যতা পূরণ করা কঠিন। ক্রিস্টিয়ান আমাদের হৃদয়ে আছে প্রতিটি মুহূর্ত, এই দলের কাছে ও ছিল এতটাই। জীবনের বাস্তবতায় ছেলেরা সামনে তাকিয়েছে বটে, তবে ও আমাদের পাশে, আমাদের মাঝে থাকবে সব সময়।’ ওয়েবসাইট।