ম্যাচ জয়ের নেশায় বুঁদ ছিল তারা। যেকোনো মূল্যে জায়গা করে নিতে চেয়েছিল ২০১৯ সালের এশিয়ান কাপে। সেই উদ্দেশ্যে নানা সময়ে ব্রাজিল বংশোদ্ভূত ১২ জন ফুটবলারকে জাতীয় দলে খেলিয়েছে পূর্ব তিমুর। আর এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) তাঁদের বিষয়ে দিয়েছিল মিথ্যা তথ্য। ওই ১২ জন ফুটবলারের কারও মা-বাবা উভয়ের অথবা মা-বাবার একজনের জন্ম পূর্ব তিমুরে বলে দেখিয়েছে দেশটি। কিন্তু ফিফা আর এএফসির তদন্তে বেরিয়ে এসেছে প্রকৃত সত্য। ফল—৭৬ হাজার ডলার জরিমানার সঙ্গে মেনে নিতে হচ্ছে তিন বছরের নিষেধাজ্ঞা। এত কিছু করেও ২০১৯ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পায়নি পূর্ব তিমুর। অংশ নিতে পারবে না ২০২৩ সালের এশিয়ান কাপেও। আম-ছালা দুটিই যে গেল পূর্ব তিমুরের! রয়টার্স।
১৩ বছরেই এত!
ম্যানচেস্টার সিটি ২ লাখ ১৫ হাজার ডলার খরচে একজন খেলোয়াড় কিনেছে। শুনেই প্রথমে মনে হতে পারে, ‘এত কম দামে!’ অনেকে হয়তো ঠোঁট বাঁকিয়ে বলতে পারেন, ‘এ আর এমন কী!’ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে যাদের জুড়ি নেই, সেই সিটির কাছে এ তো নস্যি! কিন্তু কোনো সিনিয়র খেলোয়াড় নয়, সিটিজেনরা এত খরচ করেছে ১৩ বছর বয়সী একজন ডিফেন্ডারের পেছনে। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭০ লাখ টাকারও বেশি! এই বয়সের খেলোয়াড়দের ক্ষেত্রে যেটিকে ধরা হচ্ছে দলবদলের রেকর্ড। ডিফেন্ডারের নাম ফিনলে বার্নস। ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব সাউথ এন্ড ইউনাইটেড থেকে তাকে নিজেদের একাডেমিতে বার্নসকে নিয়ে এসেছে সিটি। অবশ্য ১৩ বছর বয়সেই বার্নস খেলত সাউথ এন্ডের অনূর্ধ্ব-১৬ দলে। মেইল অনলাইন।