জালে আটকে যাচ্ছে ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটা নিয়ে হইচই হয়নি। অনেকটা নীরবেই এগিয়েছে কাজ। শেষ প্রান্তে এসে ফাটতে যাচ্ছে বোমা।‘গত ২৫ এপ্রিল ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচটা পাতানো ছিল বলে প্রতীয়মান হয়।’ এই সিদ্ধান্তে পৌঁছেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ। দু-এক দিনের মধ্যে পাতানো খেলা শনাক্তকরণ কমিটির কাছে তাঁর ওই রিপোর্ট জমা দেওয়ার কথা।পাতানো খেলা শনাক্তকরণ কমিটি ভিডিও দেখে তদন্ত করার পর একজন ফুটবল বিশেষজ্ঞের মতামত চায়। সেই বিশেষজ্ঞ একজন সাবেক ফুটবলার ও তিনি নিয়মিত খেলা দেখেন। ওই বিশেষজ্ঞ বলছেন, ‘ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচটা মাঠে বসেই দেখেছি। এখন ভিডিওতে অন্তত কুড়িবার ম্যাচটা দেখে পাতানো বলেই মনে হয়েছে। রিপোর্টে সেটিই লিখেছি।’তবে পাতানো খেলা শনাক্তকরণ কমিটি বাফুফের কাছে কী রিপোর্ট দেয়, সেটিই গুরুত্বপূর্ণ। যদিও বিশেষজ্ঞ মতামতের বাইরে যাওয়ার সুযোগ তাদের কম, কেননা বিশেষজ্ঞ মতামতই দেয় পথনির্দেশ। সেদিক থেকে সংশ্লিষ্ট দলগুলোর ফেঁসে যাওয়ার আশঙ্কা রয়েছে। কমিটির আহ্বায়ক হুমায়ুন খালিদ কাল জানিয়েছেন, ‘আমরা কয়েক দিনের মধ্যে একটা নিরপেক্ষ প্রতিবেদন দেব ফেডারেশনকে।’এখন ফেডারেশন কীভাবে এই সুপারিশ কার্যকর করে, সেটিই দেখার। উল্লেখ্য, ব্রাদার্স ওই ম্যাচে বিস্ময়করভাবে ৪-০ গোলে হারে এরই মধ্যে বাংলাদেশ লিগ থেকে অবনমিত রহমতগঞ্জের কাছে। খেলা দেখে সেদিন অনেকেরই অনুমান ছিল, বাফুফের ৩০ এপ্রিলের নির্বাচনে যেহেতু ব্রাদার্সের দুজন কর্মকর্তা প্রার্থী, তাই রহমতগঞ্জের ভোট পেতে তারা ম্যাচটা ছেড়ে দিয়েছে। পরদিন সংবাদমাধ্যমে এ নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট ছাপা হয়।গত মঙ্গলবার ব্রাদার্স-শেখ জামাল ম্যাচটাও পাতানো ছিল বলে সন্দেহ প্রকাশ করেছে সংবাদমাধ্যম। এটিও তদন্ত কমিটির কাছে যাচ্ছে। দুটি ম্যাচেই দেখা যাচ্ছে ব্রাদার্সের সম্পৃক্ততা। তবে দলটির ম্যানেজার আমের খান এটিকে ‘অবান্তর আলোচনা’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ‘খেলা তো গ্যাপে গ্যাপে হয়। লোকজনের হাতে সময় অনেক। তার জন্য “টেবিল টক” দরকার, সেটাই হচ্ছে এখন। আমরা পাতানো খেলার সঙ্গে যুক্ত নই।’অভিযুক্তদের পক্ষের বক্তব্য নেয়নি তদন্ত কমিটি। হয়তো সামনে নেবে। ‘সেই অপেক্ষায় আছি’ দাবি করে ব্রাদার্স ম্যানেজার বলছেন, ‘আমাদেরও অনেক কথা আছে। আমাদের ফেডারেশন ডাকুক, তারপর আমরা জবাব দেব।’ যদি ব্যাপারটা মিথ্যাই হয়, তাহলে পত্রিকায় পাতানো সন্দেহ করে রিপোর্ট ছাপা হলেও প্রতিবাদ করেননি কেন? এই প্রশ্নে ব্রাদার্সের এই কর্মকর্তা তাচ্ছিল্যের সুরে বললেন, ‘পত্রিকায় তো কত কথাই লেখা হয়।’তার মানে, ব্রাদার্স পত্রিকার রিপোর্টকে আমলে নেয়নি। রহমতগঞ্জ বা শেখ জামালও তা-ই! সবাই চুপচাপই আছে। শেখ জামাল-রহমতগঞ্জ গত বছর পাতানো খেলেছে বলে অভিযোগের প্রমাণ পেয়েছে বাফুফে। তার ভিত্তিতে দুই দলকে করা হয় আর্থিক জরিমানা। এত কিছুর পরও পাতানো খেলা বন্ধ হয়নি।এবার বাইলজে পাতানো খেলার শাস্তি হলো, ওই ম্যাচ ছাড়াই অতিরিক্ত ৬ পয়েন্ট কর্তন। পাতানো প্রমাণিত হলে ব্রাদার্সের কিন্তু অবনমিতই হওয়ার কথা!