জালে ফাঁসার পর...
ছদ্মবেশী প্রতিবেদক ‘প্রতারণার’ জাল পেতেছিলেন। সেই জালেই আটকে গেলেন ইয়াসির হামিদ। গোপন ক্যামেরার সামনে পাকিস্তান দল আর সতীর্থদের বিরুদ্ধে ম্যাচ পাতানো নিয়ে এমন এমন কথা বললেন যে, স্পট ফিক্সিং কেলেঙ্কারির খবর ফাঁস করা ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড সপ্তাহ না ঘুরতেই পেয়ে গেল নতুন ‘ব্রেকিং নিউজ’!ইয়াসির হামিদ আর কী করবেন! উল্টো নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর প্রতিবেদকের বিরুদ্ধে তাঁকে বিভ্রান্ত করার অভিযোগ এনে সেই জাল থেকে ছুটতে চাইছেন। রোববার ইংলিশ ট্যাবলয়েডটি নতুন বোমা ফাটানোর পর পর লন্ডনস্থ পাকিস্তান হাইকমিশনে কর্মকর্তাদের সঙ্গে প্রায় চার ঘণ্টা সময় কাটিয়েছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। এরপরই দিয়েছেন একটা লিখিত বিবৃতি, যেটি সাংবাদিকদের পড়ে শুনিয়েছেন পাকিস্তান হাইকমিশনের এক মুখপাত্র। বিবৃতিতে ইয়াসির দাবি করেছেন, তাঁকে ব্ল্যাকমেইল করা হয়েছে। সতীর্থদের বিরুদ্ধে ম্যাচ পাতানো নিয়ে কথা তিনি বলতেই পারেন না। বিবৃতি পড়া শেষে ইয়াসিরকে হাইকমিশন থেকে বের হয়ে যেতে দেখা গেছে।বিবৃতির শুরুতেই অবশ্য একটা হাস্যকর দাবি করেছেন ইয়াসির হামিদ। পাকিস্তান দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কথা বলার জন্য নাকি নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর কেউই তাঁকে কোনো প্রস্তাব দেয়নি। অথচ বিবৃতিতে এরপরই ইয়াসির বলেছেন, ৩০ আগস্ট সন্ধ্যায় নটিংহামের হলিডে ইন হোটেলে এক বন্ধুর সঙ্গে ডিনার করার সময় আবিদ খান নামের কেউ একজন তাঁর সঙ্গে এসে কথা বলেন। আবিদ খান তাঁকে ইত্তেহাদ এয়ারলাইনসের স্পনসর জোগাড় করার প্রস্তাব দেন। পরে নাকি ছবি দেখে ইয়াসির বুঝতে পারেন এই আবিদ খান আসলে নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর মাজহার মাহমুদ।ইয়াসির স্বীকার করেছেন, স্পনসরের কথা শুনে আবিদ খানের সঙ্গে আলোচনায় আগ্রহী হয়ে ওঠেন তিনি, ‘চুক্তির জন্য কমপক্ষে ৫০ হাজার পাউন্ড দেওয়া হবে বলে জানানো হয় আমাকে।’ পাকিস্তান দলের আরও চার ক্রিকেটারের সঙ্গেও চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেন আবিদ। ইয়াসির তখন উমর গুল, শহীদ আফ্রিদি, উমর আকমল ও ফাওয়াদ আলমের নাম বলেন। শুধু তা-ই নয়, আবিদের সঙ্গে কথা বলতে বলতে টেলিফোনে চুক্তির ব্যাপারে উমরের সম্মতিও নিয়ে নেন ইয়াসির।সেখান থেকেই আলোচনা আস্তে আস্তে গড়ায় ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা স্পট ফিক্সিং প্রসঙ্গের দিকে। ইয়াসির হামিদের বুদ্ধির ‘প্রশংসা’ করতে হয়। ছদ্মবেশী সাংবাদিক, স্পনসর এজেন্ট, গোপন ক্যামেরা, স্পট ফিক্সিং—এসব নিয়ে যখন চারদিকে আলোচনা আর বিতর্কের ঝড়, তখনো তিনি বুঝতে পারেননি কী জালে আটকাতে যাচ্ছেন! তাঁর বলা প্রতিটি কথা আর অঙ্গভঙ্গি যে ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে, বিন্দুমাত্র সন্দেহ হয়নি সে ব্যাপারেও! উল্টো আবিদ খানকে নাকি বন্ধুর মতোই মনে হচ্ছিল ইয়াসিরের কাছে, ‘তাকে একজন বন্ধু আর সম্ভাব্য এজেন্ট হিসেবেই ধরে নিয়েছিলাম। আমি তাই বোকার মতো তার সব প্রশ্নের উত্তর দিতে শুরু করি। তবে যতটুকু মনে পড়ে, পত্রপত্রিকায় পড়া বিষয়গুলো নিয়েই কথা বলেছিলাম আমি।’বিবৃতি অনুযায়ী ঘটনা ওখানেই শেষ নয়। এর দুই দিন পর ওই লোক টেলিফোন করে ইয়াসিরকে ২৫ হাজার পাউন্ড দেওয়ার প্রস্তাব দেয়। বিনিময়ে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত তিন ক্রিকেটারের বিরুদ্ধে বিবৃতি দিতে বলা হয় তাঁকে। ইয়াসির সে প্রস্তাব প্রত্যাখ্যান করার পর একটা খুদে বার্তা আসে তাঁর মুঠোফোনে, ‘আমাকে ফোন করো। তুমি ওয়াইন পান করছ, ওসব কথা বলছ এর সবই ভিডিওতে ধারণ করা আছে। এসব টিভিতে সম্প্রচার করা হবে এবং তোমার তা অস্বীকার করা হবে চরম বোকামি। ভালো হয় তুমি এর বিরুদ্ধে রুখে দাঁড়াও এবং সত্যি কথা বলো।’ ইয়াসির তখন পুরো ঘটনা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানানোর সিদ্ধান্ত নেন। এ ছাড়া সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘সতীর্থদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ তোলার কথা আমি ভাবতেও পারি না।’যে মোবাইল নম্বর থেকে ইয়াসির হামিদ খুদে বার্তা পেয়েছেন বলে দাবি, বিবৃতিতে সেটিরও উল্লেখ আছে। কিন্তু ওই নম্বরে ফোন করে দেখা গেছে, সেটি স্কটল্যান্ড ইয়ার্ডেরই একটি নম্বর। স্কটল্যান্ড ইয়ার্ড মুখপাত্র জানিয়েছেন, বিষয়টা খতিয়ে দেখা হবে। এএফপি ও ওয়েবসাইট।