জাহানারাদের জয়োৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিন আর জয়ের উত্সব একই সঙ্গে পালন করলেন জাহানারা (বাঁয়ে) ও ময়না ষ আনিস মাহমুদ
জন্মদিন আর জয়ের উত্সব একই সঙ্গে পালন করলেন জাহানারা (বাঁয়ে) ও ময়না ষ আনিস মাহমুদ

রাত সাড়ে ১২টা পেরিয়ে গেছে। বাংলাদেশ দলের হোটেলের বল রুমটা তখনো করছে গমগম। খেলোয়াড়-কর্মকর্তা-শুভানুধ্যায়ীরা মেতে উঠেছেন খোশগল্পে। সন্ধ্যায় ‘লঙ্কাজয়ের’ টাটকা স্মৃতি রোমন্থন সবার মুখে। জলসা জলসা আবহের মধ্যে গান। স্থানীয় এক শিল্পীকে এনে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় উদ্যাপন করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
খেলোয়াড়েরা অনেকেই নাচলেন। মূল পর্বে ছেলেরা ব্যর্থ হলেও মেয়েরা অন্তত একটা জয় এনে খানিক আনন্দ করার উপলক্ষ এনে দিল। বাংলা নয়, খেলোয়াড়দের ভিড় থেকে অনুরোধ গেল, হিন্দি গান...হিন্দি গান...। হিন্দি গান হলো অনেক। ছবি-টবি তোলারও ধুম চলল।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরীর উদ্যোগেই এই আয়োজন। পরশু বাংলাদেশ দলের দুই খেলোয়াড় জাহানারা ও ময়নার জন্মদিনের কেকও কাটা হলো এই সুযোগে। এল ফুলের তোড়া। খাওয়া-দাওয়া শেষে যে যার ঘরে ফিরতে ফিরতে রাত একটা।
কিন্তু খেলোয়াড়দের মাথায় তবু ছিল আরেকটি ম্যাচের ভাবনা। হতাশার অধ্যায়ে আপাত দাঁড়ি পড়লেও এই টুর্নামেন্টে সেরা আটে জায়গা হয়নি মেয়েদের, তাই ২০১৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অধিকার হারাল গ্রুপে পঞ্চম হওয়া বাংলাদেশ। শেষবেলায় সালমাদের আজ নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে আয়ারল্যান্ডের সঙ্গে।
এই আয়ারল্যান্ডকেই ২০১১ বিশ্বকাপ বাছাইয়ে বিকেএসপিতে ৮২ রানে হারিয়ে বাংলাদেশ পেয়েছে ওয়ানডে মর্যাদা। ২০১২ সালে ডাবলিনে একমাত্র টি-টোয়েন্টিতেও আইরিশদের ৪ উইকেটে হারায় বাংলাদেশ। অধিনায়ক সালমা খাতুন করেছিলেন ৪১। কাল প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে যিনি তিন ধাপ এগিয়ে অলরাউন্ডার বিভাগে দুইয়ে, বোলিংয়ে ১৮ ধাপ এগিয়ে তিনে।
সালমা আয়ারল্যান্ড ম্যাচ প্রসঙ্গে বেশ আত্মপ্রত্যয়ী, ‘শ্রীলঙ্কাকে হারিয়েছি। আয়ারল্যান্ডকেও হারাব আশা করছি। আমরা উজ্জীবিত হয়ে নামব এবং জয় ছাড়া কিছু ভাবছি না।’
আইরিশদের জন্য বাংলাদেশ ম্যাচটা চ্যালেঞ্জই। গ্রুপে বাংলাদেশ একটি জয় পেলেও আয়ারল্যান্ড হেরেছে চার ম্যাচেই। একটা জয় নিয়ে দেশে ফেরার তাড়না অধিনায়ক ইসোবেল জয়েসের, ‘বাংলাদেশের বিপক্ষে জিততে চাই। সেই সামর্থ্য আমাদের আছেও। এটি আমাদের জন্য অনেক বড় ম্যাচ।’
আয়ারল্যান্ডের ছেলেদের আগে মেয়েরাই পা রেখেছে আন্তর্জাতিক ক্রিকেটমঞ্চে। বিশ্বকাপ খেলছে সেই ১৯৮৮ থেকে। ইসোবেলের যমজ বোন সিসিলিয়াও খেলেন এই দলে। জোড়া বোনের তিন ভাই আয়ারল্যান্ড পুরুষ দলে খেলেছেন। ইসোবেল বোনেরাই নারী দলটির প্রাণ। বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হতে পারেন তাঁরাই।
ক্রিকেটে বুঁদ হয়ে থাকা সিলেট অবশ্য বাংলাদেশেরই জয় দেখতে চায়।