জাহানারাদের সামনে আজ ইংল্যান্ড
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে নিজেদের সবচেয়ে বড় দুর্বল দিকটার কথা স্বীকার করে নিয়েছেন জাহানারা আলম। বাংলাদেশের মেয়েদের বড় শট খেলার সামর্থ্য নেই, যেটা ভারতের মেয়েদের শক্তির বড় একটা দিক!
ওই দুর্বলতাকে সঙ্গী করেই বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ বিকেল ৪টায় ইংল্যান্ডের মেয়েদের মুখোমুখি হবে জাহানারার দল। এর আগে ইংল্যান্ডের সঙ্গে একটি মাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ, সেটিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সিলেটের ওই ম্যাচে শার্লট এডওয়ার্ডসের দলের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।
ব্যাটিংয়ে সেই দুর্বলতা যে বাংলাদেশ মহিলা দলের এখনো রয়ে গেছে, তা এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রমাণিত। ভারতের ১৬৩ রানের জবাবে হাতে ৫ উইকেট রেখেও বাংলাদেশের স্কোর ৫ উইকেটে মাত্র ৯১! অবশ্য টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েরা এক শর ওপরে রান করেছে মাত্র সাতবার। মজার ব্যাপার হলো, ২০১১ বিশ্বকাপের আগে ওয়ানডে মর্যাদা পেলেও বাংলাদেশ মহিলা দল এ পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচই খেলেছে বেশি। ওয়ানডের সংখ্যা যেখানে মাত্র ১৮, টি-টোয়েন্টি খেলেছে ২৭টি।
এ রকম একটা দলের বিপক্ষে জয়টাকে আনুষ্ঠানিকতা ধরে নেওয়াই স্বাভাবিক ৯৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইংল্যান্ড মহিলা দলের জন্য। ২০০৯-এ নিজেদের মাঠে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন, সর্বশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপও তারা। এবারও তাদের চোখ শিরোপায় থাকবে স্বাভাবিক। অধিনায়ক এডওয়ার্ডস তো বেঙ্গালুরুর উইকেট দেখে খুবই খুশি, ‘তিন বছর আগে এই দেশে বিশ্বকাপ খেলে গেছি। কাজেই এখানে খেলতে আমাদের ভালোই লাগে। উইকেট তো খুবই ভালো দেখাচ্ছে। টুর্নামেন্টে প্রচুর রান হবে বলেই আমাদের আশা।’
ইংলিশ অধিনায়কের শেষ কথায় বাংলাদেশ মহিলা দলের জন্য হুমকিটা স্পষ্ট। যে উইকেটে ৯১ রানকেই জাহানারা বলেন ‘ভালো স্কোর’, সেখানেই প্রচুর রানের আশা এডওয়ার্ডসের! ইংল্যান্ডের সামনে আজ আসলে কতটা প্রতিরোধ গড়তে পারবেন বাংলাদেশ দলের বোলাররা? জাহানারা কিন্তু আশাবাদী। ‘বোলিংটাই আমাদের শক্তির জায়গা। দলের কয়েকজন বোলার যেভাবে বল করছে, তা থেকে আমরা কিছুটা হলেও আত্মবিশ্বাস পাচ্ছি’—পরশু ভারত ম্যাচের পর বলেছেন বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক।