জাতীয় দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। চ্যালেঞ্জ কাপে এসেছে বেশ কয়েকটি নতুন মুখ
জাহিদ-এমিলিরা চ্যালেঞ্জটা নিচ্ছেন
এমিলি অনুশীলনে আছেন। বুকের ব্যথা কমেছে। মাঠে নামতে তৈরি। জাহিদের কাফ মাসলের চোটও সেরে ওঠার পথে। দু-এক দিনের মধ্যেই ফিটনেস নিয়ে কাজ শুরু করবেন।দুই বন্ধুর লক্ষ্য এখন একটাই—ঘরোয়া ফুটবলে শেখ রাসেলকে সাফল্য এনে দেওয়া। তবে সামনের চ্যালেঞ্জ আরও বড়। জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামতে হচ্ছে দুজনকেই।চোটের কারণে কাঠমান্ডু যেতে পারেননি দুই অপরিহার্য খেলোয়াড়। তাঁদের ছাড়াই বাংলাদেশ এএফসি চ্যালেঞ্জ কাপের গ্রুপ পর্বটা খেলে এসেছে। তিন ম্যাচে দুই জয় আর ধনাত্মক পাঁচ গোলগড় নিয়ে বাংলাদেশ অপেক্ষা করছে চূড়ান্ত পর্বে যাওয়ার। আগামী বছর মালদ্বীপের ওই পর্বে এমিলি-জাহিদ নিশ্চয়ই থাকবেন। বাংলাদেশ দলের শক্তিও হয়তো বাড়বে। তার আগে সেপ্টেম্বরে কাঠমান্ডুতে সাফ ফুটবল। নতুন কোচ লোডভিক ডি ক্রুইফের নজর কাড়ার একটা অলিখিত প্রতিযোগিতার মুখে এখন এমিলি-জাহিদ। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন এমিলি। তাঁর কথা, ‘গত ৭-৮ বছর জাতীয় দলে সেরা একাদশেই খেলে এসেছি। এখনো সেভাবেই খেলে যাব ভাবা বোকামি। নতুন খেলোয়াড়েরা চ্যালেঞ্জ কাপে ভালো করেছে। বিদেশি কোচ যাঁকেই ভালো মনে করবেন খেলাবেন। কাজেই ভালো পারফর্ম করেই জায়গা করে নিতে চাই।’এই উপলব্ধি জাতীয় দলের জন্য শুভলক্ষণ। জাতীয় দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। চ্যালেঞ্জ কাপে এসেছে বেশ কয়েকটি নতুন মুখ। স্টপার হিসেবে নাসির উদ্দিন ও কেষ্ট কুমার ভালো করেছেন। মাঝমাঠে আলাদা করে কোচের নজর কেড়েছেন সোহেল রানা। ফরোয়ার্ড তকলিচও তাই। নেপালের বিপক্ষে দুটি গোলই বানিয়ে দিয়েছেন। নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেছেন সিলেটের তরুণ। কোচের ৪-২-৩-১ ফর্মেশনে মূল স্ট্রাইকার শাখাওয়াত রনি মিস যেমন করেছেন, আবার গোলও পেয়েছেন। মোটের ওপর খারাপ করেননি। সামগ্রিকভাবে দলে দেখা যাচ্ছে নতুন রক্তপ্রবাহ। সব বিভাগেই প্রতিযোগিতা। রক্ষণে অধিনায়ক সুজনই একাদশে আসতে পারেননি। চোট কাটিয়ে ডিফেন্ডার আরিফ-রেজাউল ফিরলে লড়াইটা পাবে ভিন্ন মাত্রা। বড় ঘাটতি গোল করায়। কিছুদিন আগেও স্ট্রাইকার-সংকট তীব্র ছিল বাংলাদেশ দলে। এমিলি ছাড়া কেউই টিকতে পারেননি লম্বা সময়। এনামুল এসে ঝরেও গেছেন। এখন শাখাওয়াত-তকলিচদের আগমন। কোচ বলেছেন, আরও কিছু নতুন খেলোয়াড় দেখে সাফের ক্যাম্প করবেন। খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখার জন্য টিপস দিয়ে গেছেন। ই-মেইলে সবাইকে আলাদা ব্যবস্থাপত্র পাঠাবেন। খেলোয়াড়েরা এখন ক্লাবে। ক্লাবে গিয়ে খেলোয়াড়েরা অনেক সময়ই রুটিন ঠিক রাখতে পারেননি। তবে ক্রুইফের কড়া হুঁশিয়ারি, ‘কেউ ফিটনেস হারালেই দল থেকে বাদ।’এই ব্যবস্থাপত্রের আওতায় আছেন এমিলি-জাহিদও। তাঁদের ওপর কোচের দৃষ্টি ভালোই আছে। জাহিদ তা জানেন, ‘ভালো খেললে কোচ আমাকে বসিয়ে রাখবেন না। দলে নতুন খেলোয়াড় এসেছে। এটা ভালো। তবে কোচের মন কেড়েই দলে জায়গা নিতে চাই।’জাহিদ-এমিলিরা সেটি করলে দলের জন্যই হবে মঙ্গল।