জাহিদ রাজ্জাকই তৃতীয় নির্বাচক
নাঈমুর রহমান সরে দাঁড়ানোর পর সাবেক ক্রিকেটার জাহিদ রাজ্জাকের নামটাই প্রস্তাবিত ছিল নির্বাচক কমিটির তৃতীয় সদস্য হিসেবে। কাল বিসিবির মুলতবি সভায় অনুমোদন পেল সেটা। সভায় অনুমোদন করা হয়েছে নির্বাচকদের পরিবর্তিত চাকরি বিধিমালাও।গতকালের সভায় বোর্ড পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেনের নেতৃত্বে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের জন্য পাঁচ সদস্যের কৌশলগত মূল্যায়ন কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিসিবি সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম, পরিচালক জালাল ইউনুস, গাজী আশরাফ হোসেন ও দেওয়ান শফিউল আরেফিন।সভায় ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের টিকিটের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। ওয়ানডেতে গ্যালারির টিকিটের দাম ৫০ টাকা, টেস্টে ২০ টাকা। স্পেশাল এনক্লোজার ওয়ানডেতে ১০০ ও টেস্টে ৫০ টাকা। ওয়ানডেতে ক্লাব হাউসের টিকিটের দাম ২০০ টাকা ও টেস্টে ১০০ টাকা। আর ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড ওয়ানডেতে ১ হাজার ও টেস্টে ৫০০ টাকা।আইসিসির নিরাপত্তা কর্মকর্তা কর্নেল নূর উদ্দিন খাজার মৃত্যুতে সভায় শোকপ্রস্তাব উত্থাপন করা হয়।