জাহিদে উদ্ধার চট্টগ্রাম আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আবাহনীর জয়ের নায়ক জাহিদের গোল উদ্‌যাপনে সঙ্গী হলেন ইব্রাহিম (ডানে)। কাল সিলেট জেলা স্টেডিয়ামে l আনিস মাহমুদ
চট্টগ্রাম আবাহনীর জয়ের নায়ক জাহিদের গোল উদ্‌যাপনে সঙ্গী হলেন ইব্রাহিম (ডানে)। কাল সিলেট জেলা স্টেডিয়ামে l আনিস মাহমুদ

ব্যর্থতার অজুহাতে গত সপ্তাহে যোসেফ পাভলিককে বিদায় দিয়েছে চট্টগ্রাম আবাহনী। তবু কাল ফুটবল ফেডারেশনের সরবরাহ করা খেলোয়াড় তালিকার কোচের ঘরে লেখা এই স্লোভাকিয়ানের নাম! ডাগআউটে ফুটবলারদের উৎসাহ জোগালেন নতুন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। পাভলিকের সঙ্গে বরখাস্ত হওয়া সহকারী হাসান আল মামুনের বদলেই তাঁকে নেওয়া। সহকারী হলেও অনানুষ্ঠানিকভাবে মূল কোচের দায়িত্বে জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডার। তা ‘অভিষেকটা’ মন্দ হয়নি মিন্টুর। চট্টগ্রাম আবাহনী যে জয়ের ধারায় ফিরেছে।

সর্বশেষ দুই ম্যাচে হার ও ড্র। সিলেট-পর্ব শুরু জয় দিয়ে। জাহিদের একমাত্র গোলে ফেনী সকারকে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। এই জয়ে আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চারে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয়েই ফেনীর দলটি।

আবাহনী, শেখ রাসেল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সহকারী কোচ ছিলেন মিন্টু। সাফ, বঙ্গবন্ধু গোল্ডকাপে এবং অনূর্ধ্ব-১৯ দলেও ছিলেন সহকারী। কাল জয়ের পর চট্টগ্রাম আবাহনীর আপৎকালীন এই কোচের কণ্ঠে যেন ‘হাঁফ ছেড়ে বাঁচা’র স্বস্তি, ‘অবশ্যই এটা আমার জন্য স্বস্তির এক জয়। শুধু আমার নয়, পুরো দলের জন্যই জয়টা ছিল স্বস্তির। কারণ, শেষ ম্যাচটা ড্র হওয়ায় এই ম্যাচটা ছিল খুব গুরুত্বপূর্ণ।’

বড় ব্যবধানেই জিততে পারত চট্টগ্রাম আবাহনী। কিন্তু গোল নষ্টের মহড়ায় মেতে ওঠেন লিওনেল প্রিউক্স। অন্তত দুটি সহজ সুযোগ তো নষ্ট করেছেনই! ফেনীর গোলরক্ষক সুজন চৌধুরীকে সামনে পেয়েও একবার বল তুলে দেন হাতে। পরের বার মারলেন বাইরে। ৬৬ মিনিটে সেই প্রিউক্সের বাড়িয়ে দেওয়া বলেই আলতো টোকায় ১-০ করেন জাহিদ। লিগে এটি জাহিদের তৃতীয় গোল। বাকি সময়ে চেষ্টা করেও গোল পায়নি দুই দলের কেউ।

দুইয়ে উঠল রহমতগঞ্জ: সিলেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের তুলনায় কাল রাতের বিজেএমসি-রহমতগঞ্জের ম্যাচটিই হয়েছে বেশি উপভোগ্য। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমে গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত রহমতগ​েঞ্জর কাছে ৩-২ গোলে হেরেছে বিজেএমসি। জয়ী দলের গোল তিনটি করেছেন সোহেল মিয়া, দাউদা সিসে ও আলাউদ্দিন। বিজেএমসির দুটি গোলই স্যামসান ইলিয়াসুর। এই জয়ে সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠল রহমতগঞ্জ। আট ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নয়ে বিজেএমসি। সিলেটে আজ প্রিমিয়ার লিগের কোনো খেলা নেই।