জায়গা ধরে রাখতে চান নাসির-শুভাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের দলে আসার গল্পটা দুই রকম। তবে একটা জায়গায় মিল। একজন প্রথমবারের মতো সুযোগ পেলেন জাতীয় দলে, আরেকজন দ্বিতীয়বারের মতো এলেও জাতীয় দলের হয়ে প্রথম কোনো ম্যাচ খেলার স্বপ্নই এখনো তাঁর চোখে। প্রথমজন নাসির হোসেন, দ্বিতীয়জন শুভাগত হোম চৌধুরী।কদিন আগেই নাসির হোসেন বলেছিলেন, জাতীয় দলে আসা নিয়ে তাঁর এত তাড়া নেই। কিন্তু পরশু রাতে যখন দলে সুযোগ পাওয়ার খবরটা শুনলেন, নাসির আবেগে ভাসলেন, ‘বলে বোঝাতে পারব না, কেমন লাগছিল। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার...সেই স্বপ্ন পূরণ হলো।’ জাতীয় দলে যখনই সুযোগ পান, লম্বা সময় খেলার স্বপ্ন ১৯ বছর বয়সী এই তরুণের। তবে সুযোগ পেলে নিজের চেয়ে দলের কথাই বেশি ভাবার প্রতিশ্রুতি তাঁর কণ্ঠে, ‘দলের জন্য খেলতে হবে—এটাই বিশ্বাস করি আমি। সুযোগ পেলে চেষ্টা করব নিজেকে সেভাবে প্রমাণ করার।’শুভাগত হোম চৌধুরীও আছেন সেই অপেক্ষায়। গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেলেও খেলা হয়নি কোনো ম্যাচ। আর টেস্ট দলে তো ডাকই পেলেন এই প্রথম। তবে নাসিরের মতো তিনিও জানেন, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাঁদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ওয়ানডেতে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত ২৪ বছরের এই তরুণ, ‘খুবই ভালো লাগছে, আবার দলে সুযোগ পেয়েছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ না পেলেও আশা করি এবার পাব। ভালো খেলে জায়গাটা ধরে রাখতে চাই।’