জিকার ভয়, নাকি আসল কারণ টাকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিক শুরুর আগেই আলো হারিয়ে ফেলছে অনেকটা। একের পর এক তারা খসে পড়ছে ধরণির বৃহত্তম ক্রীড়াযজ্ঞ থেকে। উইম্বলডনের ফাইনালে ওঠা মিলোস রাওনিচ স্বাস্থ্যঝুঁকিকে কারণ দেখিয়ে বেশ আগে সরে দাঁড়িয়েছেন। পরশু তাঁর সঙ্গী হয়েছেন সিমোনা হালেপ ও টমাস বার্ডিচ।

বিশ্বের ৮ নম্বর খেলোয়াড় বার্ডিচও জিকা ভাইরাসের ঝুঁকিকে কারণ দেখিয়েছেন, ‘অলিম্পিক যে দেশে হচ্ছে, সেখানে জিকা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমি মাত্রই পারিবারিক জীবন শুরু করলাম, প্রিয়জনদের ঝুঁকি থেকে বাঁচানোই আমার কাছে অগ্রাধিকার পাচ্ছে।’ মেয়েদের র‍্যাঙ্কিংয়ে পাঁচে থাকা হালেপও ভবিষ্যৎকেই দেখছেন বড় করে, ‘আমি এ পরিস্থিতি নিয়ে আসলেই দুঃখিত। কিন্তু পরিবার আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার শেষ হওয়ার পর নিজের পরিবার গড়ার ইচ্ছাটাকে আমি ঝুঁকির মুখে ফেলতে পারি না।’

মা হতে যাচ্ছেন, এই সংবাদ পেয়ে এরই মধ্যে নিজেকে সরিয়ে নিয়েছেন ভিক্টোরিয়া আজেরেঙ্কা। অস্ট্রেলিয়া দলের কোচ হিসেবে যাওয়ার কথা ছিল লেটন হিউইটের। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনিও যাচ্ছেন না। না এমন গল্প শুধু টেনিসেই নয়, গলফেও শোনা যাচ্ছে প্রায় প্রতিদিন।

১১২ বছর পর অলিম্পিকে ফিরছে গলফ, অলিম্পিকে সোনা জয়ের এমন মহার্ঘ সুযোগ হাত পেতে নেবেন, তা নয়, উল্টো শীর্ষ তারকারা একের পর এক নাম প্রত্যাহার নিচ্ছেন অলিম্পিক থেকে। জর্ডান স্পিথ, জেসন ডে, ররি ম্যাকইলরয়ের মতো তারকাদেরও দেখা যাবে না অলিম্পিকে। কারণ ওই জিকা ভাইরাস।

তবে অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি কার্লোস নুজম্যানের চোখে এসব ফালতু অজুহাত, ‘তাঁরা জিকার অজুহাত দেখাচ্ছেন, কিন্তু সংবাদমাধ্যম দেখিয়ে দিয়েছে, আসলে প্রাইজমানি না থাকাটাই তাঁদের এমন অনিচ্ছার কারণ।’

টেনিসের জন ইসনার কিংবা ডমিনিক থিম অবশ্য এত লুকোছাপার মধ্যে যাননি। সরাসরি ইঙ্গিত দিয়েছেন অলিম্পিকে খেলার চেয়ে এটিপি ট্যুরে খেলে র‍্যাঙ্কিং বাড়ানোই ভালো। রয়টার্স।