জিকো-রাইকার্ডের কঠিন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া অঞ্চলে বিশ্বকাপের বাছাইপর্বই মূল আকর্ষণ। কারণ, প্রতিটি দলই জানে, মূল মঞ্চে তাদের দৌড় কত দূর! এবারের বাছাইপর্বের আকর্ষণ বেশি হয়ে উঠেছে জিকো ও ফ্রাঙ্ক রাইকার্ডের কারণে। বিশ্ব ফুটবলের এই দুই সাবেক মহাতারকা এখন এশীয় মঞ্চের কুশীলব।না, খেলোয়াড়ের ভূমিকায় মাঠ গরম করার উপায় তাঁদের নেই। খেলোয়াড় হিসেবে বিশ্ব ফুটবল রাঙানোর পর দুজন অনেক আগেই নাম লিখিয়েছেন কোচের খাতায়। এশীয় মঞ্চেও তাঁরা কোচের ভূমিকাতেই। সাবেক ব্রাজিলিয়ান তারকা জিকো ইরাকের আর ডাচ কিংবদন্তি রাইকার্ড সৌদি আরবের কোচ। দুজনই দায়িত্ব নিয়েছেন গত আগস্টে। বাছাইপর্বে দুজনের সামনেই বন্ধুর পথ। ইরাক বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলেছে একবারই, ১৯৮৬ সালে। কোচ হিসেবে জাপানকে ২০০৬ বিশ্বকাপে নিয়ে যাওয়া জিকোর কাঁধে চেপে দ্বিতীয়বারের মতো যেতে চায় ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে। কিন্তু সেই চাওয়াটা এই পর্বেই কঠিন হয়ে গেছে ইরাকের। জিকোর নেতৃত্বে বাছাইপর্বের দুই ম্যাচে ইরাক একটিতে হেরেছে, একটিতে জিতেছে। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় তারা। গত ৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে পাওয়া জয়ের ধারাটা ইরাক ধরে রাখতে চায় আজও। শেনজেনে আজ তাদের প্রতিপক্ষ গ্রুপের দুইয়ে থাকা চীন।সাবেক বার্সেলোনা কোচ রাইকার্ডের পথটা আরও পিচ্ছিল। প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সৌদি আরবের। নিজেদের গ্রুপে তারাও তিনে। এই অবস্থায় পয়েন্ট তালিকায় উন্নতি ঘটানোর আশা নিয়ে তারা উড়ে গেছে থাইল্যান্ডে। তবে আশা থাকলেও কাজ কঠিন। প্রতিপক্ষ থাইল্যান্ড খেলবে নিজেদের মাঠে। দুই ম্যাচের একটিতে জিতে পয়েন্ট তালিকায় তারা আছে তুলনামূলক ভালো অবস্থানে, দুইয়ে। হেরে গেলে রাইকার্ড চাকরি হারানোর শঙ্কাতেই পড়ে যেতে পারেন। ব্যর্থতার দায়ে ২০১১ সালের প্রথম সাত মাসেই তিনজন কোচকে ছাটাই করেছে সৌদি ফুটবল ফেডারেশন! এশিয়া অঞ্চলের বাছাইপর্বে আজ আছে আরও আটটি ম্যাচ। দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া—নিজ নিজ গ্রুপের শীর্ষে থাকা এই তিন পরাশক্তি অবস্থান আরও সংহত করতে মাঠে নামছে আজ। ওয়েবসাইট।