জিকোর ফেবারিট আর্জেন্টিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই ব্রাজিল সেই ব্রাজিল নয়’, ‘গত ছয় দশকের মধ্যে এটিই ব্রাজিলের সবচেয়ে দুর্বল দল’—বিশ্ব ক্রীড়াঙ্গনে ভেসে বেড়ানো এই সব কথার সঙ্গে পুরোপুরি একমত জিকো। ব্রাজিলের এই সাবেক তারকা মনে করেন, কেবল মানের দিক দিয়েই নয়, খেলার ফলাফলেও বর্তমানের ব্রাজিল দল আগের দলগুলোর ধারে-কাছেও নেই। এ দলটিতে আস্থা রাখতেও মনের জোর পাচ্ছেন না তিনি।জিকোর দৃষ্টিতে বর্তমানের ব্রাজিল দলের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতার অভাব। এই ধারাবাহিকতার অনুপস্থিতিই কুরে কুরে খাচ্ছে লুইস ফেলিপে স্কলারির দলকে। সর্বশেষ ১০টি আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিলের জয় মাত্র তিনটিতে। এই তো সেদিন ফ্রান্সকে হারিয়ে অনেক দিন পর ব্রাজিল জয় পেয়েছে কোনো বড় দলের বিপক্ষে।ধারাবাহিকতার অভাবের মূল কারণ জিকো মনে করেন, একসঙ্গে বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের ফর্ম হারিয়ে ফেলা। ২০১০ সালের বিশ্বকাপের পর কাকা, রবিনহোদের মতো ফুটবলাররা ফর্ম হারিয়ে জাতীয় দলের বাইরে চলে গেছেন। ব্যাপারটি ব্রাজিল দলের ক্ষতি করেছে উল্লেখ করে জিকো বলেছেন, এ কারণেই অভিজ্ঞ দু-একজন খেলোয়াড়কে কেন্দ্র করে ব্রাজিল দলটি পুনর্গঠিত হতে পারেনি।ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার জায়গা যিনি, সেই নেইমারই এখনো উঠতি তারকার গন্ধ মুছে ফেলতে পারেননি। এই উদাহরণ টেনে জিকো বলেছেন, ‘ব্রাজিলের এ দলটির প্রায় সবাই নতুন। পুরো দলটিই গঠিত হয়েছে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে। এই যে নেইমার। ওর বয়স মাত্র ২১। সে এই প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে, অথচ দেখুন, পুরো দলের ভারটা বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে ওকে।’জিকো মনে করেন, এই মুহূর্তে ব্রাজিল দলে এমন কিছু খেলোয়াড় দরকার, যারা মনোযোগের কেন্দ্র হয়ে অনভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের ওপর থেকে চাপটা হালকা করে দেবেন। কিন্তু ব্রাজিলীয় ফুটবলের বর্তমান অবস্থায় তেমন কোনো খেলোয়াড় খুঁজে বের করা স্কলারির জন্য সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার।অলিম্পিক ফুটবলে ব্যর্থতার পর মানো মেনেজেসকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি এখনো মন থেকে মেনে নিতে পারেননি জিকো। ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই প্লেমেকার মনে করেন, মেনেজেসকে সরিয়ে যে সময় স্কলারিকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সময়টাই ছিল ভুল। মেনেজেসের পর দায়িত্বে এসে স্কলারি বিশ্বকাপের আগে দলকে ঠিকমতো গুছিয়ে তুলতে পারবেন না বলেই আশঙ্কা জিকোর।আগামী বিশ্বকাপে তাঁর ফেবারিটের নাম বলতে গিয়ে চমকে যাওয়া একটি নাম উচ্চারণ করেছেন। জিকো বলেছেন প্রতিবেশী, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার নাম। লিওনেল মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দলই গড়ে তুলছে বলে মনে করেন তিনি। সাম্প্রতিক কালে ব্রাজিলের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও আর্জেন্টিনার এগিয়ে থাকাকে এর প্রমাণ হিসেবে দেখাতে চান জিকো।আর্জেন্টিনার সম্ভাবনা সম্পর্কে জিকো বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে। তবে মনে-প্রাণেই চাই ফাইনালে তাঁরা যেন ব্রাজিলকে না পায়।’ দ্য গার্ডিয়ান।