গায়ানা টেস্ট জিততে পাকিস্তানের প্রয়োজন ২১৯ রান। অফ স্পিনার সাঈদ আজমলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে ১৫২ রানেই।সাঈদ আজমল দ্বিতীয় ইনিংসে মাত্র ৪২ রানের বিনিময়ে প্যাভিলিয়নে ফেরত পাঠান ৬ জন ক্যারিবীয় ব্যাটসম্যানকে। প্রথম ইনিংসেও তিনি ৬৯ রানের বিনিময়ে দখল করেছিলেন ৫ উইকেট।আগের দিনের ২ উইকেটে ৩৪ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুতেই আজমলের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। দিনের পঞ্চম বলেই নাইট ওয়াচম্যাচ কেমার রোচকে ঘূর্ণির মায়াজালে আবদ্ধ করে ফিরিয়ে দেন। আজমলের শিকারে পরিণত হন রামনরেশ সারোয়ান, কার্লটন বাগ, রবি রামপাল ও দেবেন্দ্র বিশু। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সেরা দিকটি ছিল শেষ উইকেট জুটিতে ৪৮ রান। অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপাল ও দেবেন্দ্র বিশুর এই জুটি উইন্ডিজকে লড়াইয়ে রেখেছিল। এই জুটিতে চন্দরপালের সংগ্রহ ৩৬। বিশুর ব্যাট থেকে এসেছে ২৪ রান। গায়ানা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এই জুটি একটি রেকর্ড।এদিকে জয়ের জন্য ২১৯ রান তাড়া করতে নেমে পাকিস্তান ৮০ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। আউট হয়েছেন মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর ও আজহার আলী। ইনিংসের শুরুতেই দলীয় ২ রানের মাথায় তৌফিক উমরকে বোল্ড করেন রোচ। একই সংগ্রহে প্যাভিলিয়নে ফেরেন আজহার আলী, তাঁর উইকেটটি নেন রবি রামপাল। দলীয় সংগ্রহ ২ থাকা অবস্থাতেই আবার আউট হন মোহাম্মদ হাফিজ। সেই রামপালের বলে বাগের হাতে ধরা পড়ে। ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পাকিস্তানের ব্যাটিংয়ের হাল ধরেন আসাদ শফিক ও অধিনায়ক মিসবাহ-উল-হক। এই দুজন দিনের শেষ পর্যন্ত উইকেটে থেকে গড়ে তুলেছেন ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি। মিসবাহ ৩৪ ও শফিক ৪০ রানে অপরাজিত রয়েছেন।জয়ের জন্য আজ পাকিস্তানের প্রয়োজন ১৩৯ রান। হাতে রয়েছে তাদের ৭ উইকেট। তবে গায়ানা টেস্টের চতুর্থ দিনের অনেক কিছুই নির্ভর করছে মিসবাহ-উল-হক ও আসাদ শফিকের ওপর। কারণ এঁদের একজন আউট হয়ে গেলে স্বীকৃত ব্যাটসম্যান রয়েছেন কেবল একজন উমর আকমল।