জিততে এসেছেন মার্কেজ
আগে জায়গাটা ছিল মধ্যপ্রাচ্য। কয়েক বছর ধরে ইউরোপে খেলা ফুটবলারদের অবসর নেওয়ার আগের অভিযানটা দেখা যাচ্ছে আবারও যুক্তরাষ্ট্রেই হচ্ছে। ক্যারিয়ারের অন্তিম লগ্নে অনেকেই যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) যোগ দিচ্ছেন। এই অনেকের মধ্যে রাফায়েল মার্কেজকে ধরবেন না। মার্কেজ বলছেন, তিনি নিউইয়র্ক রেড বুলসে ক্যারিয়ার শেষ করতে আসেননি। এই দলের হয়ে কিছু জিততেও এসেছেন।মেক্সিকোর অধিনায়ক বার্সেলোনায় সোনালি সময় কাটিয়ে কদিন আগেই যোগ দিয়েছেন সকার লিগের দল নিউইয়র্ক রেড বুলসে। বার্সেলোনার থিয়েরি অঁরি অবশ্য তারও দিন কয়েক আগে যোগ দিয়েছেন।মাত্রই ৩১ বছর বয়সে ক্যারিয়ার শেষ করার কোনো ইচ্ছে নেই মার্কেজের, ‘আমি এখানে আমার ক্যারিয়ার শেষ করতে আসিনি। আমার বয়স এখন মাত্র ৩১। আমি এখানে খেলতেই এসেছি এবং চ্যাম্পিয়নশিপ জিততে এসেছি।’সেটা মার্কেজ পারবেন কি না, তা সময় বলবে। তবে সাত বছর ধরে বার্সেলোনার দুর্গ সামলানো মার্কেজের ওপর খুব ভরসা রেড বুলস কোচ হানস বেকের। তিনি অবশ্য ডিফেন্ডার, এমনকি ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাতেও নয়, মার্কেজকে চাইছেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে! বেকের ধারণা, এই ভূমিকাতেই দারুণ কিছু করবেন মেক্সিকান তারকা, ‘তার খেলা সম্পর্কে যে জ্ঞান, যে দর্শন, বল দেওয়ার যে ক্ষমতা; তাতে সে অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ডে খেলবে। আমরা তার মাধ্যমে দলে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং মান নিয়ে এসেছি। মাঝমাঠে ওর উপস্থিতি অবশ্যই একটা পার্থক্য গড়ে দেবে।’ রয়টার্স।