জিততে চায়নি কোনো দলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে শেখ রাসেলের কোচ মারুফুল হক বললেন, ‘জঘন্য ফুটবল।’ বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল যাঁরা খেলা দেখতে এসেছিলেন, তাঁরাও এ কথাই বলবেন। বাজে খেলল শেখ জামাল ধানমন্ডিও। দুই দলেরই শিরোপার স্বপ্ন শেষ, নেই অবনমনের শঙ্কাও। সুপার কাপ হচ্ছে না, লিগ শেষে তাই সেরা ছয়ে থাকার তাড়াও নেই। হয়তো এসব কারণেই এমন ‘নিরামিষ’ ফুটবল।চোখে পড়ার মতো কোনো আক্রমণ ছিল না। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট তালিকায়ও কোনো রদবদল হয়নি, ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ শেখ রাসেল। ২৫ পয়েন্ট পাওয়া জামালের স্থান পঞ্চম।আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে অর্ধেক সময় খেলার পর গোলরক্ষক আমিনুলকে তুলে নেওয়া হয়। গতকাল আমিনুল ছিলেন না সেরা একাদশে। এমনকি তাঁর নাম রাখা হয়নি অতিরিক্ত তালিকাতেও। জানা গেছে, লিগের বাকি দুই ম্যাচও তাঁকে খেলানো হবে না। ফেনীতে খেলতে যাওয়ার সময় খেলোয়াড়দের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাস চেয়েছিলেন আমিনুল, এটা নিয়েই নাকি সভাপতি মনজুর কাদেরের সঙ্গে মনোমালিন্য অধিনায়কের এবং তারই পরিণতি এ শাস্তি। আবাহনীর বিপক্ষে আমিনুল একটি গোল খেয়েছিলেন। কেন গোল খেলেন, তার ব্যাখা চেয়ে আমিনুলকে কারণ দর্শাও নোটিশও দেওয়া হয়েছে। ‘গোল তো খেতেই পারে গোলরক্ষক’— এমন উত্তর দিয়েছেন আমিনুল।কাল শেখ জামালের প্রথম একাদশে খেলানো হয় তরুণ গোলরক্ষক অসীম কুমারকে। তাঁকে অবশ্য খুব একটা পরীক্ষা দিতে হয়নি।