ঘরোয়া ফুটবলে দর্শকখরা। কেউ বলে, উপভোগ্য ম্যাচ কই? কেউ বলে, ফুটবলারদের মানই খারাপ। অন্তহীন বিতর্ক যেন। কিন্তু এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশির ভাগ ম্যাচই উপভোগ্য হচ্ছে! কালও বঙ্গবন্ধু স্টেডিয়ামের শ-দুয়েক দর্শক শেখ জামাল-ব্রাদার্স ম্যাচটা মন ভরে দেখল। স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই কতটা উপভোগ্য হয়েছে ম্যাচটি। নির্ধারিত নব্বই মিনিট শেষেও ব্রাদার্সকে জয়ের হাতছানি দেখাচ্ছিল যে ম্যাচ, সেটাই ড্র হয়ে গেল ২-২-এ। হারতে হারতে পয়েন্ট পেল শেখ জামাল। অথচ একসময় তারা ধরেই নিয়েছিল আগের ম্যাচের মতোই পয়েন্ট হারাতে হচ্ছে! শেষ মুহূর্তে জামালের নায়ক হিসেবে আবির্ভূত হলেন অভিষিক্ত মাসুদ রানা। অনূর্ধ্ব-১৯ দলের এই মিডফিল্ডারকে শেষ মুহূর্তে নামিয়ে দেন কোচ আবু ইউসুফ, কোমলের বদলে। ইনজুরি সময়ের শেষ মিনিটে গোল করে বসলেন। ২-১-এ এগিয়ে থেকে জয় নিয়ে ঘরে ফেরার অপেক্ষায় থাকা ব্রাদার্স তখন স্তম্ভিত। এরপর মাসুদ হারিয়ে গেলেন সতীর্থদের উষ্ণ আলিঙ্গনে।সিঙ্গাপুর থেকে অসুস্থ মাকে নিয়ে দেশে ফিরে কাল খেলতে নেমেছিলেন নিয়মিত গোলরক্ষক আমিনুল। অধিনায়কের প্রত্যাবর্তনে জামালও যেন একটু উজ্জীবিত ছিল। আমিনুল নিজে কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন। এর মধ্যে একটি পেনাল্টি ঠেকিয়েও শেষ রক্ষা করতে পারেননি। কিংসলের শট ফিরিয়েছিলেন, কিন্তু ওই ফিরতি শটেই হেড করে গোল করেন নাইজেরিয়ান স্ট্রাইকার। শেষ মিনিটে সমতাসূচক গোলটি শেখ জামালের পড়ে পাওয়া চৌদ্দ আনার মতো। তা না হলে ২১ মিনিট ব্রাদার্স ১০ জনের দল হয়ে পড়ার পর সুযোগটা শেখ জামাল কাজে লাগাতে পারল কই? ৬৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাদার্সের জামাল। ২০ ও ২৬ মিনিটে দুই দফা মিসের পর ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন ব্রাদার্সের ডিউফ। জামাল গোল শোধ করে ৫০ মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবু ইউসুফ তুলে নেন ইমানুয়েল আউককে। বদলি সোহেল রানা মাঝমাঠটাকেই বদলে দেন। সোহেলের ক্রস থেকেই কেস্টারের প্লেসিং শটে হয় ১-১। এরপর ৬৩ মিনিটে বক্সের মধ্যে কিংসলেকে অবৈধভাবে ফেলে দেন আমিনুল। পেনাল্টি পায় ব্রাদার্স। কিন্তু পেনাল্টির বিপক্ষে প্রথমে সফল হয়েও শেষ পর্যন্ত কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে পারেননি ব্রাদার্স অধিনায়ক। ড্র করে লিগের প্রথম পর্ব শেষ করল শেখ জামাল, ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রইল পঞ্চম স্থানেই। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে ব্রাদার্সও চতুর্থ স্থানে। ম্যাচ শেষে হতাশ ইউসুফ বললেন, ‘ভাগ্য জোরে ড্র করেছি। এত ওপেন নেট মিস করলে জেতা যায় না।’ শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হওয়ায় মন খারাপ ব্রাদার্স কোচ সৈয়দ নইমুদ্দিনের, ‘মন্দভাগ্যই আমাদের। ছেলেরা শেষ দিকে এসে একটু রিলাক্সড হয়ে গিয়েছিল।’শেখ জামাল: আমিনুল, মিন্টু, ইউসুফ, কোমল (মাসুদ রানা), শরীফ, অরূপ, রায়হান, আউক (সোহেল রানা), এভারটন, স্টিভ, কেস্টার।ব্রাদার্স: উত্তম, তারা, সৈকত, নুরুল, কবির, জামাল, দিদারুল, কাজিম, জানকাসা, দিউফ, কিংসলে।