খেলা শুরুর আগে ফেডারেশন থেকে দেওয়া খেলোয়াড় তালিকাটা ফিরিয়ে নেওয়া হলো তড়িঘড়ি করে। সংশোধিত তালিকায় শেখ রাসেলের একাদশে থাকা নাইজেরিয়ান স্ট্রাইকার ডিউকের নামটা কাটা দেখা গেল। সেখানে হাতে লেখা ইসমাইল বাঙ্গুরার নাম। আরামবাগ থেকে ধারে আনা গিনির ফরোয়ার্ডকে খেলা শুরুর মিনিট দশেক আগে নিশ্চিত করে শেখ রাসেল। এই বাঙ্গুরাই শেখ রাসেলকে এনে দিয়েছেন একটি পয়েন্ট।সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচেরই পুনর্মঞ্চায়ন করল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। গত শনিবার মুক্তিযোদ্ধার সঙ্গে দুই গোলে এগিয়ে থেকেও ড্র করেছে সাদা-কালোরা। কালও তা-ই। এই ড্রয়ে অবশ্য জমে উঠেছে ‘বি’ গ্রুপ। সেমিফাইনালে ওঠার জন্য মোহামেডানকে তাকিয়ে থাকতে হচ্ছে আগামীকালের শেখ রাসেল-মুক্তিযোদ্ধার ম্যাচের দিকে। ওই দিন যারাই জিতুক মোহামেডানের ভাগ্য খুলবে। তবে মুক্তিযোদ্ধা ৩-৩ গোলে ড্র করলে বাদ পড়তে হবে। কিন্তু ১-১ বা গোলশূন্য হলে শেষ চারে উঠে যাবে মোহামেডান ও মুক্তিযোদ্ধা। মোহামেডান ও শেখ রাসেলের সমান পয়েন্ট থাকলেও গোলগড়ে পিছিয়ে থেকে বাদ পড়বে শেখ রাসেল। তবে ২-২ গোলে ড্র হলে মুক্তিযোদ্ধা উঠে যাবে সেমিতে, আর শেখ রাসেল-মোহামেডানের মধ্যে কে যাবে সেই মীমাংসা করবে টস।কাল শুরুতেই আক্রমণে গেছে মোহামেডান। ফলও পেয়েছে নগদ। ৪ মিনিটে সানডে সিজোবা বল নিয়ে ঢুকছিলেন বক্সে। কিন্তু সামান্য বাইরে থেকে তাঁকে ফেলে দেন প্রদীপ। ফ্রি-কিক থেকে দারুণ এক শটে মোহামেডানকে এগিয়ে নেন তৌহিদুল (১-০)। এরপর গোল শোধের জন্য মরিয়া শেখ রাসেল সুযোগটা পেয়ে যায় ৪৪ মিনিটে। এই গোলে যতটা না কৃতিত্ব শেখ রাসেল স্ট্রাইকার বাঙ্গুরার, ততটাই দোষ মোহামেডান ডিফেন্ডার বেবেকের। ভাসানী, হাসান আল মামুন ও বেবেকের গড়া দেয়াল গলে ঢুকে গোল করেন বাঙ্গুরা। হতভম্ব হাসান আল মামুন পেছনে ফিরে অবাক চোখে গোলটা দেখেছেন।শেখ রাসেলের দুই উইঙ্গার রাজু ও ইউসুফকে ঠেকাতে তৎপর ছিলেন লিটন ও তপু। তবে মোহামেডানের মাঝমাঠে আমানি ও ফ্রান্সিস ছিলেন অনুজ্জ্বল। গোল ধরে রাখার চেষ্টা না করে আক্রমণাত্মক খেলে মোহামেডান আর গোল পায়নি। খেলোয়াড়েরা শেষ দিকে এসে গরমে হাঁসফাঁস করছিলেন। শেখ রাসেল অবশ্য দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি করেছে বেশি।ম্যাচ শেষে বিদেশি খেলোয়াড়দের ওপর ক্ষোভ ঝাড়লেন শেখ রাসেল কোচ মাহমুদুল হক, ‘বিদেশিরাই ডুবিয়েছে আমাদের। নিয়মিত প্র্যাকটিসে আসে না। এডওয়ার্ডের খেলায় আমি খুবই অসন্তুষ্ট।’ মোহামেডান কোচ শফিকুল ইসলাম সেমিফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী, ‘এই টুর্নামেন্টে অবশ্যই সেমিফাইনালে ওঠা উচিত আমাদের।’ম্যাচসেরা হয়েছেন মোহামেডানের তৌহিদুল। খেলা শুরুর আগে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রদের স্মরণে পালন করা হয় এক মিনিটের নীরবতা।মোহামেডান: আল হাসান, হাসান আল মামুন, ভাসানী, বেবেক, আমানি, লিটন, ফ্রান্সিস (বিপুল), শরীফুল (রিদন), তপু, তৌহিদুল, সানডে।শেখ রাসেল: মামুন, আমিনুল, প্রদীপ, মিন্টু (বাপ্পী), আব্বাস, মরো মোহাম্মদ, মেজবাবুল, রাজু, ইউসুফ (ইমন), ইসমাইল, এডওয়ার্ড।আজকের খেলাআবাহনী-শেখ জামাল (বিকেল ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।