জিততে পারত আলজেরিয়াও
না, তাদের দল জেতেনি। কিন্তু আলজেরীয়দের উল্লাস দেখে যে কারও মনে হতেই পারে, বড় কিছু বুঝি জিতে ফেলেছে তারা। একদিক দিয়ে দেখলে গোলশূন্য ড্র ম্যাচটিও তাদের জন্য অনেক বড় একটা জয়। টুর্নামেন্টের ‘পুঁচকে’ দল আলজেরিয়া যে রুখে দিয়েছে অন্যতম ফেবারিট ইংল্যান্ডকে!জিনেদিন জিদানও হয়তো পেয়ে গেছেন ফ্রান্সের যাচ্ছেতাই পারফরম্যান্স থেকে পাওয়া বেদনার উপশম। তাঁর জন্মভূমি ফ্রান্স পারেনি, কিন্তু পূর্বপুরুষের জন্মভিটা আলজেরিয়া ঠিকই পেরেছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই হয়তো বিদায় নেবে আফ্রিকার দেশটি; কিন্তু ফ্রান্সের মতো মাথা নিচু করে নয়, গর্বোদ্যত অহংকারে, মাথা উঁচু করে।কোচ রাবাহ সাদানের কথা শুনে অবশ্য মনে হচ্ছে, দ্বিতীয় রাউন্ডের আশা তিনি মোটেও ছাড়েননি। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যদি জেতে আলজেরিয়া, ইংল্যান্ড-স্লোভেনিয়া ম্যাচটি ড্র হলেই চলে যাবে তারা। ইংল্যান্ড ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে পরের ম্যাচ জেতার ছকই কষছেন সাদানে। তৃতীয় ম্যাচটা ভাবনায় চলে এসেছে বলেই কিনা ইংল্যান্ডকে রুখে দেওয়ার উচ্ছ্বাসটা ঠিক বোঝা গেল না সাদানের প্রতিক্রিয়া থেকে, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলাটাই আলজেরিয়ার জন্য অনেক বড় ব্যাপার। এই ধরনের ম্যাচ, এ ধরনের স্টেডিয়ামে নিয়মিত খেলতে পারলে আমরা অনেক উন্নতি করতে পারব। আমাদের সেই সামর্থ্য আর সম্ভাবনা আছে।’ইংল্যান্ড যে এভাবে খোঁড়াবে, সেটি তাঁর প্রত্যাশার বাইরে ছিল বলেও জানালেন সাদানে, ‘আমি ওদের কাছে আরও ভালো খেলা আশা করেছিলাম। ওদের যে কী হয়েছে কে জানে! ম্যাচটা আমরাও জিততে পারতাম। ইংল্যান্ডও। দুই দলেরই সমান সুযোগ ছিল।’ ২৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা আলজেরিয়া প্রথম ম্যাচটা হেরেছিল গোলরক্ষকের শিশুতোষ ভুলে। ওই ম্যাচটা ড্র করতে পারলে দ্বিতীয় রাউন্ডের আশাটা আরও উজ্জ্বল হতো। ১৯৮২ বিশ্বকাপের দুঃখটাও এত দিনে ভুলতে পারত তারা; সেবার প্রথম ম্যাচে জার্মানিকে হারানোর পরও জার্মানি-অস্ট্রেলিয়ার যোগসাজশে দ্বিতীয় রাউন্ডে যে যেতে পারেনি আলজেরিয়া। দুঃখমোচনের সুযোগ অবশ্য এখনো আছে। এএফপি, ওয়েবসাইট।