জিততে পারল না আর্জেন্টিনা

ক্ষোভে যেন ফুঁসছিল বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম। রেফারি মারলন এসকালেন্তেকে হাতের কাছে পেলে কী যে করত আর্জেন্টাইন সমর্থকেরা! শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীদের সহায়তায় মাঠ ছাড়েন তিনি। তবে ম্যাচজুড়ে অনেক বিতর্কিত সিদ্ধান্ত এবং অফসাইডের অজুহাতে আর্জেন্টিনার দুটি গোল বাতিল করে দেওয়া ভেনেজুয়েলান এ রেফারি দর্শকদের গালমন্দ থেকে নিজেকে বাঁচাতে পারেননি।
অফসাইডের অজুহাতে দুটি গোল বাতিল না হলে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে হাসি মুখে ঘরে ফিরতে পারতেন আর্জেন্টাইনরা। সেটা হয়নি, ক্ষোভের এটা একটা কারণ। অন্য কারণ, বাতিল হওয়া দুটি গোলের মধ্যে দ্বিতীয় গোলটি রেফারি কেন অফসাইড বললেন, সেটা টিভিতে অনেকবার রিপ্লে দেখেও বোধগম্য হয়নি কারও। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচও তাই অনেক নাটকের পর গোলশূন্য ড্র! তবে ড্র করেও দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার ওপরে আছে আর্জেন্টিনা। বাকি চার ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে মেসির দল। দ্বিতীয় স্থানে উঠে আসা কলম্বিয়াও ছুটছে আর্জেন্টিনার পিছু পিছু।
মেসি খেলবেন কি খেলবেন না তা নিয়ে সংশয় ছিল। পুরো ফিট না থাকায় তাঁকে বেঞ্চে রেখেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু অনেক চেষ্টা করেও কলম্বিয়ার রক্ষণব্যূহ ভাঙতে না-পারায় ঘণ্টা খানেক পরে তাঁকে মাঠে নামান কোচ আলেসান্দ্রো সাবেলা। নেমেই ম্যাজিক দেখিয়েছেন মেসি। উপহার দিয়েছেন দারুণ কিছু মুহূর্ত। শুধু গোলের দেখাটাই পাননি আর্জেন্টাইন অধিনায়ক। আফসোস আছে হয়তো, কিন্তু ম্যাচ শেষে এ জন্য কলম্বিয়ার গোলরক্ষক ওসপিনাকে কৃতিত্ব দিতে ভুল করেননি বিশ্বসেরা ফুটবলার, ‘আমি আসলে পুরোপুরি ফিট নই। আজ যদিও খেলেছি কিন্তু আমি জানি না পায়ের অবস্থা কী। ওসপিনা দারুণ খেলেছে, সে-ই ম্যাচের সেরা খেলোয়াড়।’
কথাটা সত্যি। শুধু মেসি নন, তার আগে অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো আর মার্কোস রোজোর দারুণ কয়েকটি প্রচেষ্টা একাই ব্যর্থ করে দিয়েছেন ওসপিনা। বিশেষ করে ১৭ মিনিটে গঞ্জালো হিগুয়েইনের শটটি ঠেকানোর পর ফিরতি বলে ওসপিনা কীভাবে রোজোর শট ফেরালেন, সেটি নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে। সুযোগ পেয়েছিল কলম্বিয়াও। কিন্তু ১৪ মিনিটের সময় হুয়ান জুনিগার বাড়ানো ক্রসে গোল করতে ব্যর্থ হন কদিন আগেই ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দেওয়া স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। ২৬ মিনিটে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন হিগুয়েইন ও কলম্বিয়ান ডিফেন্ডার ক্রিস্টিয়ান জাপাতা।
২০ মিনিটে অবশ্য আর্জেন্টিনার জালে বল পাঠিয়েছিলেন কলম্বিয়ান ফরোয়ার্ড জ্যাকসন মার্টিনেজ। কিন্তু সঙ্গে সঙ্গেই ওঠে সহকারী রেফারির পতাকা—অফসাইড! এরপর আর্জেন্টিনাকেই আফসোসে পুড়তে হয়েছে বেশি। ৫৪ ও ৭২ মিনিটে সার্জিও আগুয়েরোর দুটি গোলও বাতিল হয় অফসাইডের অজুহাতে। স্বাগতিক দর্শকদের কাছে এসকালেন্তে ‘ভিলেন’ হয়ে গিয়েছিলেন আগুয়েরোর প্রথম গোলটি বাতিলের পরই। যখন দ্বিতীয় গোলটিরও একই পরিণতি হলো, তখন মনুমেন্টাল স্টেডিয়াম ক্রোধে প্রায় উন্মত্ত। পুরো আর্জেন্টাইন ডাগ-আউট লাইন্সম্যানকে ঘিরে ধরে জানায় প্রতিবাদ। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে একচুলও নড়েননি ভেনেজুয়েলান রেফারি।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্য ম্যাচগুলোয় বলিভিয়া ১-১ ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে, চিলি ২-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে আর পেরুর কাছে ১-০ গোলে হেরেছে ইকুয়েডর। এএফপি, রয়টার্স।
একনজরে
আর্জেন্টিনা ০ : ০ কলম্বিয়া
বলিভিয়া ১ : ১ ভেনেজুয়েলা
চিলি ২ : ১ প্যারাগুয়ে
পেরু ১ : ০ ইকুয়েডর