
ডাচদের কাছে ২-০ গোলে হার চিলিকে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি করিয়ে দিয়েছে ব্রাজিলের বিপক্ষে। সে নিয়ে পরে ভাবা যাবে। তার আগে চিলির আর্জেন্টাইন কোচ হোর্হে সামপাওলি মুণ্ডুপাত করে ছাড়লেন কমলা শিবিরের। ডাচরা নাকি ম্যাচটা জিততেই চায়নি!
মুহুর্মুহু আক্রমণের উত্তেজনায় ঠাসা এক ম্যাচ দেখারই প্রত্যাশা ছিল সবার। তবে প্রত্যাশামতো আগুনে উত্তাপ ঠিক ছিল না ম্যাচটিতে। আর এর জন্য সামপাওলি দায়ী করছেন হল্যান্ডকেই, ‘আমরা জেতার জন্যই খেলতে নেমেছিলাম। কিন্তু এমন রক্ষণাত্মক দলের বিপক্ষে জয়ের রেসিপি খুঁজে পাইনি। ওরা কেবল স্ট্রাইকারদের দূর থেকে নেওয়া শটের ওপরই নির্ভর করেছে।’
পুরো ম্যাচে চিলির বল পজেশন ছিল ৬৮ শতাংশ। লা রোজারা পাস দেওয়া-নেওয়া করেছে ৪৯২টি, যেখানে হল্যান্ড করেছে মাত্র ২২৬টি। চিলি-শিবিরের কথা শুনলে মনে হবে, ম্যাচটা হারলেও নৈতিক জয় হয়েছে তাদেরই। চোটের সঙ্গে যুঝতে থাকা আর্তুরো ভিদাল বেঞ্চ থেকে ম্যাচটি দেখার অভিজ্ঞতা থেকে বলছেন, ‘প্রায় ৭০ শতাংশ সময়জুড়েই বল আমাদের কাছে ছিল। ম্যাচ জেতার জন্য আমরা সবই করেছি। শেষ পর্যন্ত হয়তো তারা জিতেছে, তবে দারুণ খেলেছি আমরাই।’ কোচের সঙ্গেও ভিদাল পুরোপুরি একতম, ‘আমার মনেই হয়নি ৯০ মিনিটের জন্য তারা খেলেছে। শুধু দুটি গোলই করেছে তারা৷ ব্যস, এতটুকুই।’
কিন্তু ফুটবল তো গোলের খেলাই! বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ম্যাচ শেষে কে জিতল, সেটাই মুখ্য। হল্যান্ডের মাঝমাঠের সেনানী ওয়েসলি স্নাইডার এমন অভিযোগ পাত্তা তো দিলেনই না, উল্টো একটা খোঁচাও দিলেন চিলিকে, ‘এটা কিছুটা অসম্মানেরই যখন কেউ বলে আমরা মাঠে খেলতে চাইনি। আসলে আমরা ২-০ গোলে জিতেছি বলেই এসব কথা উঠছে।’ গোলডটকম।