জিতল চেন্নাই ও পাঞ্জাব
আগের ম্যাচে করেছিলেন খুনে সেঞ্চুরি। পল ভলথাটি চমক দেখালেন কালও। এবার তিনি ‘জেনুইন’ অলরাউন্ডার। প্রথমে বল হাতে নিয়েছেন ৪ উইকেট, পরে ব্যাট হাতে ৪৭ বলে ৭৫। আইপিএলের নতুন সেনসেশন ভলথাটির অলরাউন্ড নৈপুণ্যে ডেকান চার্জার্সকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। কাল দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হ্যাটট্রিক হারের স্বাদ উপহার দিয়েছে চেন্নাই সুপার কিংস।শিখর ধাওয়ান (৩৬ বলে ৪৫), কুমার সাঙ্গাকারা (২৮ বলে ৩৫) ও ড্যানিয়েল ক্রিস্টিয়ানের (১৪ বলে ৩০) কার্যকর তিনটি ইনিংসে ১৬৫ রান তুলেছিল ডেকান। রানটা মামুলি হয়ে যায় ভলথাটির সঙ্গে অ্যাডাম গিলক্রিস্টের ১৩৬ রানের উদ্বোধনী জুটিতে। সাবেক দলের বিপক্ষে ৪৬ বলে ৬১ করেছেন গিলক্রিস্ট। চিপকে মাইক হাসির ৫৬ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস চেন্নাইকে দেয় ৫ উইকেটে ১৮৩ রানের বড় পুঁজি। বিরাট কোহলি (২৮ বলে ৩৫) ও এবি ডি ভিলিয়ার্সের (৪৪ বলে ৬৪) ব্যাটিং সম্ভাবনা জাগালেও শেষ রক্ষা হয়নি। জয় থেকে ২২ রান দূরে থেমে যায় বেঙ্গালুরু। ওয়েবসাইট