জিতল জোড়াতালির ‘এ’ দল
অনিশ্চয়তার ক্রিকেটে এ মুহূর্তে সবচেয়ে বড় অনিশ্চয়তা সম্ভবত বাংলাদেশ ‘এ’ দল নিয়ে। প্রতিপক্ষ যে ইংল্যান্ড লায়ন্স, এটা নিশ্চিত। কিন্তু নিশ্চিত নয় তাদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে কখন কে খেলবে। খেলোয়াড়দের সমীকরণ মেলাতে তো শেষ টি-টোয়েন্টির তারিখও গেল বদলে!কোচদের কাজের একটা দিক বোধহয় সব মন্দের মধ্যেই ভালো কিছু খুঁজে ফেরা। ‘এ’ দল নিয়ে বিসিবির চলমান প্রহসনেও দলটার ইংলিশ কোচ স্টুয়ার্ট বার্নস একটা ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বলে খবর। খেলোয়াড়দের কানে কোচ মন্ত্র দিচ্ছেন, খেলোয়াড় অদলবদল করে খেলানোয় আরও বেশি পেশাদারি প্রমাণের সুযোগ আসছে। যখন যেখানে খেলো, ভালো খেলো—উদ্ভূত পরিস্থিতিতে এই হলো বার্নসের স্লোগান।তা প্রস্তুতি ম্যাচে হারলেও কোচের মন্ত্রে উজ্জীবিত হয়েই কিনা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল প্রথম ওয়ানডেটা জিতে গেল বাংলাদেশ ‘এ’। টসে জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড লায়ন্স পড়ে যায় বিপর্যয়ের মধ্যে। ৩৮ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে জোনাথন বেয়ারস্টো আর জোসেফ বাটলারের ৪৬ রানের জুটি সামান্যই প্রতিরোধ গড়তে পারে। দলীয় ৮৪ রানে বেয়ারস্টো মাহমুদউল্লাহর বলে বোল্ড হয়ে যাওয়ার পর ৫৫ রানের মধ্যেই পড়ে তাদের ৬ উইকেট। শেষের এই ৬ উইকেটই নিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের তিন স্পিনার নূর হোসেন (৩টি), সোহরাওয়ার্দী (২টি) ও মাহমুদউল্লাহ (১টি)। তবে ৩৮ রানে ৪ উইকেট ফেলে ইংল্যান্ড লায়ন্সের শুরুটা নড়বড়ে করে দেওয়ার কৃতিত্ব দুই পেসার আলাউদ্দিন বাবু ও আল আমিনের। আল আমিন একাই নিয়েছেন ৩ উইকেট, এর মধ্যে দুটি আবার একই ওভারে।১৩৮ রান তাড়া করে জিততে জোড়াতালির ‘এ’ দলকে খুব বেশি কষ্টও করতে হয়নি। ওপেনার ইমরুল কায়েস করেন ৫৩ এবং অধিনায়ক মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৩৮ রানে। দুজনের এই পারফরম্যান্স বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতীয় দলের হয়ে রান-খরায় ভুগতে থাকা এই দুই ব্যাটসম্যানই প্রিমিয়ার লিগে ফিরে পাচ্ছিলেন নিজেদের। কাল এক ম্যাচ খেলেই চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার বিমানে উঠেছেন তাঁরা একই ধারাবাহিকতায়।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড ‘এ’ দল: ৩৯ ওভারে ১৩৯ (বাটলার ৪৫, বেয়ারস্টো ২২; আলাউদ্দিন ১/৩২, আল আমিন ৩/১৮, সোহরাওয়ার্দী ২/২৭, মাহমুদউল্লাহ ১/২৫, নূর হোসেন ৩/৩২)। বাংলাদেশ ‘এ’: ৩৩ ওভারে ১৪১/৪ (ইমরুল ৫৩, রনি ২৩, জহুরুল ২২, মাহমুদউল্লাহ ৩৮*, শুভাগত ১, তাসামুল ০*; বাক ২/০, ব্রিগস ২/৪৫)। ফল: বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন।