রাজশাহী জয় পেয়ে গেছে পরশুই। জাতীয় ক্রিকেট লিগে কাল জিতেছে ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর। প্রথম রাউন্ডে ড্র হয়েছে একটি মাত্র ম্যাচ। খুলনায় বর্তমান চ্যাম্পিয়ন খুলনাকে জিততে দেয়নি বরিশাল।
রাজশাহীতে ঢাকা বিভাগের জয়টা প্রায় নিশ্চিত হয়েছিল তৃতীয় দিনেই। দেখার ছিল রংপুর বিভাগ কতটা অপেক্ষায় রাখতে পারে ঢাকাকে কিংবা ইনিংস পরাজয় এড়াতে পারে কি না। রংপুর কিছুটা সফল তো বটেই। ইনিংস হারের লজ্জা বাঁচাতে দ্বিতীয় ইনিংসে ৩০১ রান করতে হতো দলটিকে। তৃতীয় দিনেই ১৩৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা রংপুর চমকই দেখাল। চমকে দিয়েছে দলটির অষ্টম উইকেট জুটি। জুটিতে ১৫৯ রান করেছেন তানভীর হায়দার ও আরিফুল হক। আটে নেমে তানভীর করেছেন অপরাজিত ৯৫। ৯ নম্বর ব্যাটসম্যান আরিফুল আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ২ রানে দূরে থেকে। আটে ও নয়ে নেমেছে বলে এঁদের নিখাদ বোলার ভাববেন না, দুজনেরই একটি করে সেঞ্চুরি আছে প্রথম শ্রেণীর ক্রিকেটে। ২৯৬ রানে আরিফুল আউট হয়ে গেলেও শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে আরও ১৩ রান যোগ করে তানভীর ঢাকাকে বাধ্য করেছেন আবারও ব্যাট করতে। ঢাকা বিভাগ ৪ বলেই বিনা উইকেটে তুলে নিয়েছে প্রয়োজনীয় ৯ রান।
বগুড়ায় চট্টগ্রামকে ১২৭ রানে হারিয়েছে ঢাকা মহানগর। ৩১৬ রান তাড়া করা চট্টগ্রাম অলআউট হয়েছে ১৮৮ রানে। প্রথম ইনিংসের ৯৭ রানের পর এবার অধিনায়ক নাফিস ইকবাল করেছেন ৬৮। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মহানগরের পেসার মোহাম্মদ শহীদ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। ডানহাতি মিডিয়াম পেসার সৈকত আলী ৩১ রানে নিয়েছেন ৫ উইকেট। অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই ক্রিকেটার এবারই প্রথম ৫ উইকেট পেলেন।
খুলনায় মাত্র ১১৪ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে বরিশালকে ২২০ রানের লক্ষ্য দেয় স্বাগতিকেরা। প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে ফেলা বরিশাল ৫ উইকেটে ১২২ রান তোলার পরই শেষ হয়ে যায় খেলা।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা-বরিশাল, খুলনা
খুলনা: ৩৫৭ ও ৫১.১ ওভারে ১১৪ (তাপস ঘোষ ৪১, তুষার ১৭, নাহিদুল ১৭; কামরুল ৪/৩৯, মনির ৩/১৯, কবির ২/১৬, ফরিদউদ্দিন ১/১৪)। বরিশাল: ২৫২ ও ৪৬ ওভারে ১২২/৫ (ইফতেখার ৩৯, সালমান ৩৪; ডলার ২/১৩, রাজিবুল ২/২১, নাহিদুল ১/৫১)।
ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: কামরুল ইসলাম (বরিশাল)।
ঢাকা বিভাগ-রংপুর, রাজশাহী
ঢাকা বিভাগ: ৬১৬/৭ ডি. ও ০.৪ ওভারে ৯/০ (মজিদ ৫*, রনি ০*)। রংপুর: ৩১৫ ও ৬৫.১ ওভারে ৩০৯ (আরিফুল ৯৮, তানভীর ৯৫*, সায়মন ৬১; শরীফ ৪/৭৬, শাহাদাত ২/৪৪, তাইবুর ২/৫০, নূর ২/৮২)।
ফল: ঢাকা বিভাগ ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শরীফ (ঢাকা বিভাগ)।
ঢাকা মহানগর-চট্টগ্রাম, বগুড়া
ঢাকা মহানগর: ২২১ ও ২৮৯। চট্টগ্রাম: ১৯৫ ও ৫৭.২ ওভারে ১৮৮ (নাফিস ৬৮, ফয়সাল ৪৯*; সৈকত ৫/৩১, শহীদ ৪/৪৬, আসিফ ১/২৬)।
ফল: ঢাকা মহানগর ১২৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শহীদ (মহানগর)।