আর এক দিন পরই শুরু মূল টুর্নামেন্ট। তবে শ্রীলঙ্কায় এসে বসে নেই দলগুলো। গা গরমের ম্যাচ খেলে প্রস্তুত করে নিচ্ছে নিজেদের। মানিয়ে নিচ্ছে শ্রীলঙ্কার আর্দ্র আবহাওয়ার সঙ্গে। কাল প্রস্তুতি ম্যাচ ছিল চারটি, যার একটিতে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। বাকি তিনটি ম্যাচে জিতেছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।কলম্বোর পি সারা ওভালে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২৬ রানে হারিয়েছে ভারত। টস জিতে ব্যাট নিয়ে ৫ উইকেটে ১৪৬ করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। সাত নম্বরে নেমে সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক ধোনি। তাঁর ৪২ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। ৫১ রানেই ৪ উইকেট খোয়ানো ভারতকে উদ্ধার করে ধোনি-রোহিত শর্মার (৩৭) ৭৮ রানের পঞ্চম উইকেট জুটি। শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই নিজের প্রথম দুই ওভারে দুটি উইকেট তুলে নেন ইরফান পাঠান। এরপর ১৯ ওভারে আরও ৩টি উইকেট নেন এই বাঁহাতি পেসার। ২৫ রানে ৫ উইকেট নিয়ে তিনিই সেরা বোলার। বালাজি নেন ৩ উইকেট। শ্রীলঙ্কার শেষ ৫ উইকেট পড়েছে ৭ বলের মধ্যে মাত্র ২ রানে। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দিনে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছেন সাঙ্গাকারাই (৩২)। ননডেসক্রিপ্ট ক্রিকেট ক্লাবে নিউজিল্যান্ডকে ৮৩ রানে অলআউট করে ৫৬ রানে জিতেছে অস্ট্রেলিয়া (১৩৯/৬)। ৪১ বছর বয়সী স্পিনার ব্র্যাড হগই (৩/২৩) অস্ট্রেলিয়ার সেরা বোলার। ওয়াটসন, ম্যাকাই ও কামিন্সরাও পেয়েছেন ২টি করে উইকেট। ম্যাচের সর্বোচ্চ ২৭ রান ওয়াটসনের।অন্য ম্যাচে আফগানিস্তান (২০৯/৭) ৫১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’কে (১৫৮)। ২৪ বলে ২ চার ও ৫ ছয়ে ৫১ রান করার পর ৩০ রানে ২ উইকেট নিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ওয়েবসাইট।