জিতল শুধু সিঙ্গাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সাধারণত উদ্বোধনী দিনেই থাকে স্বাগতিক দেশের খেলা। কিন্তু ঢাকায় অনুষ্ঠানরত এশিয়ান গেমস বাছাই হকির প্রথম দিনে খেলল বিদেশিরা। স্বাগতিক বাংলাদেশের প্রথম ম্যাচ টুর্নামেন্ট শুরুর দুই দিন পর, আগামীকাল, থাইল্যান্ডের বিপক্ষে! দর্শক আগ্রহ বাড়ানোর যে প্রচারণা চালিয়েছিল হকি ফেডারেশন তাতে তাই খুব সাড়া মিলল না। ভিআইপি ও সাধারণ গ্যালারি মিলিয়ে মেরে-কেটে শ-চারেক দর্শক দেখা গেল। তবে যারা খেলা দেখেনি, খুব বেশি যে মিস করেছে, এমনটাও নয়।প্রথম দিনের তিনটি ম্যাচের দুটিই ড্র হয়েছে। দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে সিঙ্গাপুর। চাইনিজ তাইপের সঙ্গে ড্র করেছে শ্রীলঙ্কা, ওমান হংকংয়ের সঙ্গে।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শেষ বিকেলে সিঙ্গাপুর-থাইল্যান্ড ম্যাচের চেয়ে দর্শকেরা বেশি উপভোগ করেছে ঢোলের বাজনা। একদল বাদকের সঙ্গে খেলার বিরতিতে নেচে-গেয়ে উল্লাস করেছে কামরুন্নেসা স্কুলের মেয়েরা। এই মেয়েরা হকি খেলে, আবার বল কুড়ানি হিসেবেও কাজ করে।দিনের প্রথম ম্যাচে ওমান ১-১ গোলে ড্র করেছে হংকংয়ের সঙ্গে। ২৬ মিনিটে আরিফ আলীর গোলে এগিয়ে যাওয়া হংকংয়ের সঙ্গে ৪৭ মিনিটে ওমানকে সমতায় আনেন সামির। দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা। চাইনিজ তাইপের টিসাই মিং, হুয়াং জু ও চেন ই করেছেন ১টি করে গোল। শ্রীলঙ্কার গোল তিনটি অনজু হিউজ, ইসাঙ্গা জয়াসুন্দরা ও গাজ্জালি মোহাম্মদের। থাইল্যান্ডের বিপক্ষে পুরো আধিপত্য নিয়ে খেলা সিঙ্গাপুর একসময় ৪-০ গোলে এগিয়ে ছিল। তাদের সাবির যুহারি ২টি, ইয়ান ভ্যানডারপার্ট, প্রসন আনবালাগান ও জনসন ১টি করে গোল করেছেন। থাইল্যান্ডের গোল দুটি টানাকুন ও মাইপ্রাসোয়েটের।ম্যাচ শেষে থাইল্যান্ডের পাকিস্তানি কোচ সামির হোসেন জানান, ‘একেবারেই তারুণ্যনির্ভর দল এটা। ছেলেরা যা খেলেছে তাতেই আমি খুশি।’ ১৯৯৮ সাল থেকে ২০০২ পর্যন্ত ঊষায় খেলা এই স্ট্রাইকার টুর্নামেন্টের ফেবারিট ভাবছেন বাংলাদেশকেই, ‘এই টুর্নামেন্টে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে।’