অনেক দিন পর, কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল ফিরে এল বুঝি ওয়েস্ট ইন্ডিজের হারানো সময়। চতুর্থ দিনের শেষ বিকেলে ৪ ওভারেই ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিলেন কেমার রোচ। ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করা স্বাগতিকেরা ১০ রান তুলতেই রোচ তুলে নেন অ্যান্ড্রু স্ট্রাউস ও নাইটওয়াচম্যান জিমি অ্যান্ডারসনকে। শেষ দিন সকালে আবারও জোড়া আঘাত, ৫৭ রানেই নেই ৪ উইকেট। ম্যাচে তখন প্রবল উত্তেজনা, ওয়েস্ট ইন্ডিজ প্রবল পরাক্রমে ফিরল ম্যাচে। কিন্তু শেষ পর্যন্ত হলো যা হওয়ার সেটাই। অ্যালিস্টার কুক ও ইয়ান বেলের ব্যাটে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের সব আশা। লর্ডস টেস্টটা ইংল্যান্ড জিতে গেল ৫ উইকেটে।৫৭ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডের তখনো দরকার ছিল ১৩৪ রান। চাপের মুখে থেকেও কুক ও বেল ওভারপ্রতি তুললেন ৪ রান করে। পঞ্চম উইকেটে গড়লেন ম্যাচ জেতানো ১৩২ রানের জুটি। দলকে জয় থেকে ২ রানের দূরত্বে রেখে স্যামির বলে গালিতে কার্ক এডওয়ার্ডসের হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন কুক (৭৯)। অভিষিক্ত জনি বেয়াস্টোকে নিয়ে বাকি ২ রান তুলে দলকে জিতিয়েই সাজঘরে ফেরেন বেল (অপরাজিত ৬৩)। এর আগে প্রথম সেশনে ফাস্ট বোলার কেমার রোচ ফিরিয়ে দেন জোনাথন ট্রটকে। অভিষিক্ত শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হন কেভিন পিটারসেন। কিন্তু নতুন বল যখন কিছুটা উজ্জ্বলতা হারাল আর লর্ডসের আকাশ থেকে সরল কালো মেঘ, সফরকারীদের বোলিংয়ের ধারও হলো উধাও। ওভারপ্রতি ৪.১৩ রান নিয়ে ১৯১ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে গেল ৪৬.১ ওভারেই। রোচ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের অন্য কেউ বিন্দুমাত্র অস্বস্তি ফেলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানদের। ফিদেল এডওয়ার্ডস ছিলেন ছন্নছাড়া, গ্যাব্রিয়েলও তাই। স্যামির বলে ছিল না ধার। দেশের মাটিতে ঠিক আগের টেস্টে ১০ উইকেটে নেওয়া শেন শিলিংফোর্ডকে বসিয়ে নামানো হয়েছে মারলন স্যামুয়েলসকে। কিন্তু তাঁর স্পিনে আস্থা রেখে বরং মাশুলই গুনতে হয়েছে ক্যারিবীয়দের। ইংল্যান্ডের ব্যাটিং রোচ আর গ্যাব্রিয়েলের পেসে কিছুটা পরীক্ষা দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের পরিচয়ই থাকল তাদের পারফরম্যান্সে। সেঞ্চুরি-খরা কাটালেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। ম্যাচে ১১ উইকেট পেলেন স্টুয়ার্ট ব্রড। দুর্ভাগ্য জেমস অ্যান্ডারসনের, ভালো বোলিং করেও বেশি উইকেট পেলেন না।ম্যাচসেরা হয়েছেন মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে লর্ডসে সেঞ্চুরি, ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর ম্যাচে ১০ উইকেট পাওয়া স্টুয়ার্ট ব্রডই। ব্রডের আগে এই কীর্তি ছিল ইংল্যান্ডের গাবি অ্যালেন ও ইয়ান বোথাম এবং অস্ট্রেলিয়ার কিথ মিলারের।২৫ মে থেকে নটিংহামের ট্রেন্টব্রিজে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ওয়েবসাইট।